'ফুটবলের স্বার্থেই মেসির বিশ্বকাপ খেলা উচিত'
২০২৬ বিশ্বকাপের আর তিন মাসও বাকি নেই। কিন্তু লিওনেল মেসি এই বিশ্বকাপটি খেলবেন কিনা তা নিশ্চি নয় এখনো। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কাালোনি বলেছেন, ফুটবলের স্বার্থেই মেসির বিশ্বকাপে থাকা উচিত।
বোকা জুনিয়র্সের স্টেডিয়াম 'লা বোমবোনেরা'-তে শুক্রবার দিবাগত রাতে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। মেসি, দলবদল এবং বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
সবচেয়ে বড় প্রশ্ন ছিল লিওনেল মেসিকে নিয়ে। স্কালোনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন, "আমি ব্যক্তিগতভাবে চাই সে থাকুক। ফুটবলের স্বার্থেই ওর থাকা উচিত। তবে সিদ্ধান্তটা সম্পূর্ণ মেসির। সে নিজেই ঠিক করবে সে খেলবে কি না। আমরা কোনো তাড়াহুড়ো করছি না, সে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার অর্জন করেছে।"
বিশ্বকাপের দল নিয়ে স্কালোনি জানান, বর্তমানে যারা দলে আছেন তারাই মূল ভিত্তি, তবে নতুনদের জন্য দরজা বন্ধ হয়নি। বিশেষ করে তরুণ প্রতিভা মাস্তানতুয়োনো এবং বোকা জুনিয়র্সের আরান্দা-কে নিয়ে তিনি বেশ আশাবাদী। স্কালোনি বলেন, আরান্দার ভবিষ্যৎ উজ্জ্বল এবং বড় ক্লাবে খেলার কারণে এই তরুণদের মধ্যে আলাদা কিছু করার ক্ষমতা আছে।
কাতার বিশ্বকাপের ভেন্যুতে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে 'ফিনালিসিমা' বাতিল হওয়ায় কিছুটা অসন্তুষ্ট কোচ। তিনি জানান, ইউরোপীয় দলগুলোর নেশনস লিগ চলায় তাদের বিপক্ষে ম্যাচ পাওয়া কঠিন ছিল, তাই আফ্রিকান বা আমেরিকান প্রতিপক্ষের সাথে খেলেই প্রস্তুতি সারতে হচ্ছে। তবে লা বোমবোনেরাতে পরিবারের সামনে খেলতে পারাটা খেলোয়াড়দের মানসিকভাবে চনমনে রাখবে বলে তিনি মনে করেন।
আনহেল ডি মারিয়ার ফেরার গুঞ্জন নিয়ে স্কালোনি বলেন, "ওর সাথে আমার সম্পর্ক চমৎকার। কিন্তু আমার মনে হয় ওর অধ্যায়টি (জাতীয় দলে) শেষ হয়েছে। এখন অনেক তরুণ খেলোয়াড় উঠে আসছে যারা সুযোগ পাওয়ার অপেক্ষায় আছে।"
২০২৬ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া রোদ ও গরম নিয়ে চিন্তিত স্কালোনি। তিনি মনে করেন, অতিরিক্ত গরম খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। তবে তিনি আত্মবিশ্বাসী যে, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রতিপক্ষরা তাদের আলাদা গুরুত্ব দেবে এবং তার দল সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: