[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ছোট দলের বিপক্ষে অনেক কষ্টে জিতল মেসির আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ০৯:০৩ এএম

ফুটবলে ধারে-ভারে আর্জেন্টিনার তুলনায় অনেক পিছিয়ে উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়া। তবে মাঠে সেই দাপট দেখাতে পারেননি লিওনেল মেসিরা। প্রথমার্ধে না খেললেও দ্বিতীয়ার্ধে পুরোটা সময় খেলেন মেসি। শেষমেশ ২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় শনিবার (২৮ মার্চ) ভোরে শুরু হয় ম্যাচ। ২০২২ সালের চ্যাম্পিয়নদের এদিন প্রথমে এগিয়ে নেন এনসো ফের্নান্দেস। পরে ব্যবধান বাড়ান নিকো পাস। আর যোগ করা সময়ে ব্যবধান কমান জর্ডান লেফোর্ট।

আর্জেন্টিনার মূলত মুখোমুখি হওয়ার কথা ছিল স্পেনের, ফিনালিসিমায়। তবে ইরান যুদ্ধে নিরাপত্তা শঙ্কায় কাতার থেকে ম‍্যাচ সরিয়ে নেওয়া হয়। নত‍ুন ভেন‍্যু নিয়ে উয়েফা ও কনমেবল একমত হতে পারায় বাতিল হয়ে যায় ওই ম‍্যাচ। তাই তাড়াহুড়ো করে মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা তাদের প্রথম গোল পায় ১৭তম মিনিটে। ডান দিক থেকে নাহুয়েল মোলিনার ক্রসে হুলিয়ান আলভারেসের ডামিতে পেনাল্টি স্পটের কাছে বল পান ফের্নান্দেস। দারুণ শটে বল জালে জড়ান তিনি।

৩২তম মিনিটে চমৎকার ফ্রি কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন নিকো পাস। ফাউলও আদায় করেন তিনি। বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়ে কোনো ভুল করেননি পাস। ২১ বছর বয়সী মিডফিল্ডারের দেশের হয়ে এটাই প্রথম গোল। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে মাঠে নামেন মেসি। মাঠ ছাড়েন নিকো গনসালেস, পাস ও আলভারেস। ম্যাচে মাঝে-মধ্যে ঝলক দেখালেও কাঙ্খিত গোলের দেখা পাননি মেসি।

যোগ করা সময়ে ব‍্যবধান কমান লেফোর্ট। ফ্রি কিকের পর জটলার মধ‍্যে বল পেয়ে আড়াআড়ি শটে মার্তিনেসকে পরাস্ত করেন তিনি। আগামী মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর