ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে যেতে চায় বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত। টানা দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিয়েছে পাকিস্তান।
আজ শনিবার (২৮ মার্চ) গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। মালদ্বীপের মালে স্টেডিয়ামে বিকাল ৪টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি জিতেই শেষ চারে যেতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
বর্তমানে দুই দলেরই সংগ্রহ ৩ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে রয়েছে ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। ম্যাচটি ড্র হলে রানার্সআপ হিসেবেই সেমিফাইনালে উঠতে হবে বাংলাদেশকে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে এ ম্যাচ বাংলাদেশের যুবাদের জন্য বড় পরীক্ষা।
প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান লাল-সবুজ জার্সিতে অভিষেকেই জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। একাদশে সুযোগ না পাওয়া ডেকলান সুলিভান ডাগআউট থেকে ভাইয়ের খেলা দেখেছেন। ভারতের শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষেও রোনান সুলিভানই হতে পারেন বাংলাদেশের প্রধান ভরসা। তবে কোচ মার্ক কক্স আজ শুক্রবার (২৭ মার্চ) ডেকলানকেও খেলাতে পারেন—অনুশীলনে এমন ইঙ্গিতই পাওয়া গেছে।
অনুশীলন শেষে দলের মিডফিল্ডার আশিকুর রহমান বলেন, “পাকিস্তান ম্যাচের পর চার দিন সময় পেয়েছি। এ সময় আমাদের দুর্বলতা নিয়ে কাজ করেছেন কোচ। পাকিস্তান-ভারত ম্যাচ দেখে আমরা শিক্ষা নিয়েছি। নিজেদের দুর্বলতা কাটিয়ে কীভাবে ভারতের বিপক্ষে ভালো খেলা যায়, সেই চেষ্টা করবো।”
ভারত ম্যাচের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। ফুটবলার স্যামুয়েল রাকসাম বলেন, “ভারত কীভাবে খেলে, তা আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের প্রস্তুতি ভালো। মাঠে এসে আমাদের সমর্থন দেওয়ার জন্য সমর্থকদের অনুরোধ করবো।”
দলের ম্যানেজার সামিদ কাসেম জানান, “আমরা ভারতকে হারানোর পরিকল্পনা করেছি। কীভাবে আক্রমণ করবো এবং রক্ষণ সামলাবো—সে বিষয়ে কোচ ছেলেদের নির্দেশনা দিয়েছেন। দলের সবাই সুস্থ আছে এবং বোঝাপড়াও ভালো।”
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: