[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্যাসেমিরোকে দলে নিতে আগ্রহী মেজর লিগ সকারের দুই ক্লাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ১০:০৩ এএম

আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় চমক দিতে পারে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়ানোর বিষয়ে ইতোমধ্যে ক্লাবটি আলোচনা শুরু করেছে। জানা গেছে, প্রাথমিক প্রস্তাবও দেয়া হয়েছে এবং বর্তমানে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। গোলডটকম

বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে খেলতে থাকা ক্যাসেমিরো মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেয়ার ব্যাপারে আগ্রহী বলে শোনা যাচ্ছে। বিশেষ করে ইন্টার মায়ামির প্রকল্প, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দলে থাকা তারকা ফুটবলারদের উপস্থিতি তাকে আকৃষ্ট করছে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির মতো খেলোয়াড় দলে থাকায় ক্লাবটির বৈশ্বিক জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে ক্যাসেমিরোর সামনে বিকল্পও কম নয়। ইউরোপের কয়েকটি ক্লাবের পাশাপাশি সৌদি আরবের ক্লাবগুলোও তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব প্রস্তাবই তিনি বিবেচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এর মধ্যেই নতুন করে জানা গেছে, শুধু ইন্টার মায়ামি নয় এমএলএসের আরেক জায়ান্ট ক্লাব এলএ গ্যালাক্সিও ক্যাসেমিরোর প্রতি আগ্রহ দেখাচ্ছে। দুই ক্লাবই ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডারকে গ্রীষ্মে দলে নেয়ার পরিকল্পনা করছে, বিশেষ করে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে ফ্রি ট্রান্সফারে পাওয়ার সুযোগ থাকায়।

গত মাসে ক্যাসেমিরো নিজেও ইঙ্গিত দেন যে তিনি জুনে প্রিমিয়ার লিগ ছাড়ার পরিকল্পনা করছেন, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড তার চুক্তি আরও এক বছর বাড়ানোর অপশন ব্যবহার করছে না।

তবে এমএলএসে এই ট্রান্সফার বাস্তবায়ন সহজ হবে না। বর্তমানে ইন্টার মায়ামি কিংবা এলএ গ্যালাক্সি কারোই ডেজিগনেটেড প্লেয়ার (ডিপি) স্লট খালি নেই, যা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইন্টার মায়ামির দলে বর্তমানে তিনজন ডিপি খেলোয়াড় রয়েছেন- লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বারতেরামে। যাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। অন্যদিকে এলএ গ্যালাক্সির একটি ডিপি স্লট ২০২৭ সালে খালি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণে ক্যাসেমিরোকে এমএলএসে যোগ দিতে হলে অন্তত সাময়িকভাবে বড় অঙ্কের বেতন কাটছাঁট মেনে নিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে লিগে আনা গেলে এমএলএসে প্রতিযোগিতা আরও বাড়বে এবং বিশ্বজুড়ে লিগটির জনপ্রিয়তাও নতুন মাত্রা পাবে।

ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ারটা প্রত্যাশামতো সফল না হলেও রিয়াল মাদ্রিদ থেকে ২০২২ সালে প্রায় ৮০ মিলিয়ন ডলারের চুক্তিতে তিনি ইংল্যান্ডে যোগ দেন। এখন পর্যন্ত তিনি ১৫৫টি ম্যাচ খেলেছেন এবং তিন মৌসুমে দুটি ট্রফি জিতেছেন, যদিও ক্লাবটির সামগ্রিক পারফরম্যান্স তার সময়কালে ধারাবাহিক উন্নতি দেখাতে পারেনি।

এদিকে বয়স হলেও ক্যাসেমিরো এখনো ব্রাজিল জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে তাকে সাম্প্রতিক স্কোয়াডেও রাখা হয়েছে এবং আসন্ন প্রীতি ম্যাচগুলোতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে প্রিমিয়ার লিগে শীর্ষ অবস্থানে লড়াই করছে এবং বাকি সাত ম্যাচে চ্যাম্পিয়নস লিগে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর