[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাফ শিরোপা লক্ষ্য ডেকলান সুলিভানের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ১৮:০৩ পিএম

শনিবার ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে আজ সুইমিং আর রিকভারি সেশন করেই দিন পার করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। বুধবার ম্যাচের আগে আরও দুই দিন সময় পাবে মার্ক কক্সের দল। বিগ ম্যাচের ধকল সামনে আপাতত নিজেদের গোছাতে মনোযোগী বাংলাদেশ। ১ মার্চ নেপালকে হারাতে আত্মবিশ্বাসী লাল সবুজের ছেলেরা।

রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছেন ডেকলান সুলিভান। গ্রুপ পর্বের দুই ম্যাচের একটিতেও খেলা হয়নি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির এই ফুটবলারের। যদিও ভারতের বিপক্ষে রক্ষণে ছিল ভুলের মহড়া। অনেকেই মনে করেন সেই সমস্যা সমাধান হতে পারে ডেকলানকে দিয়ে।

গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। পরের ম্যাচে নেপালের বিপক্ষে ডেকলানকে খেলানো হবে কি না সেটি নিশ্চিত নয়। তবে নিজেকের পুরোপুরি ফিট রাখছেন তিনি। সতীর্থদের সঙ্গে সময়টাও ভালো কাটছে বলে জানান। সেই সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন ১৮ বছর বয়সী এই ডিফেন্ডার,

‘দলের সঙ্গে আমাদের রিকভারি সেশন মাত্র শেষ হলো। সেশনটা বেশ ভালো ছিল। একটা কঠিন ও বড় ম্যাচের পর শরীরটাকে একটু সচল করে নেওয়া সবসময়ই ভালো। আমাদের লড়াই থামবে না। পরের ম্যাচে আমাদের জিততেই হবে এবং তারপর পুরো টুর্নামেন্টটাই আমাদের জিততে হবে। এটাই আমাদের লক্ষ্য।‘

ডেকলানের মতো ভালো কিছুর আশায় ইব্রাহীম হাসিব নেওয়াজও। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯০ মিনিটের মাথায় নামানো হয় তাঁকে। আর পরের ম্যাচে ভারতের বিপক্ষে ইব্রাহীমকে বেঞ্চেই বসিয়ে রাখায় হয়। ইংল্যান্ডের ক্লাব ওয়ালটন অ্যান্ড হারশাম এফসির এই মিডফিল্ডার আজ বলেছেন তারা সময়টা উপভোগ করছেন। নেপালকে হারিয়ে ফাইনালে যাওয়ার ব্যাপারে তিনিও আশাবাদী।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে পরের ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১ এপ্রিল সেখানে নেপালের মুখোমুখি হবে কক্সের দল।

প্রতিযোগিতার এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার আরও একটি শিরোপার হাতছানি বাংলাদেশের সামনে। গোলকিপার কোচ বিপ্লব ভট্টাচার্য বলেন, ‘গত দুই ম্যাচ আমাদের দলের খেলোয়াড়দের ওপর ধকল গেছে। এখন সবাই রিকভারি করছে। সামনে একটা বড় ম্যাচ। খেলোয়াড়দের উজ্জীবিত করতে সবটাই করা হচ্ছে। আশা করছি সেমিফাইনালে নেপালকে হারিয়ে আমরা ফাইনালে উঠবো।’

একই দিন আরেক সেমিফাইনালে ভারতের সামনে ভুটান। বাংলাদেশের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভুটানকে পেয়েছে দলটি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর