১৪ বছরের বলবয় যখন বসনিয়ার নায়ক
চারবারের চ্যাম্পিয়ন ইতালি কেন এবারও বিশ্বকাপ টিকিট পেল না; এ নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, তখনই উঠে এসেছে বিস্ফোরক এক তথ্য। ট্রাইব্রেকারের আগে গোলবারের পাশ থেকে ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার চিরকুট চুরি করেছেন বসনিয়া বল বয় অ্যাফান সিজমিক। এরপর একটি শটও আটকাতে পারেননি ম্যানসিটির এই তারকা। খবর গোল ডটকমের।
টাইব্রেকারের আগে সাধারণত প্রতিপক্ষ দলের ফুটবলারদের দুর্বল দিক গোলরক্ষককে জানাতে কোচদের নানা কৌশল সাজাতে দেখা যায়। ইতালির কোচিং প্যানেল সেই পথেই হেঁটেছিল। চিরকুটে সেটি লিখেও রাখা হয়েছিল।
গোলবারের বাইরে তোয়ালের ভেতর ছিল সেই চিরকুট। প্রেমপত্রের চেয়েও আরাধ্য যা গোলরক্ষকের জন্য। তবে জিয়ানলুইজি দোন্নারুমা তা খুঁজে পাননি। টাইব্রেকারের সময় বসনিয়া গোলরক্ষকের ওপর ক্ষিপ্ত হন ম্যানসিটি তারকা। কেন মেজাজ হারিয়েছিলেন, সেদিন বোঝা না গেলেও এক সপ্তাহ পর তা প্রকাশ্যে এসেছে।
দোন্নারুমা ভেবেছিলেন চিরকুট সরিয়েছেন বসনিয়া গোলরক্ষক। আদতে চিঠিটা লুকিয়েছিলেন বসনিয়া বল ব্য় অ্যাফান সিজমিচ। সেলিক যুব দলের ১৪ বছর বয়সী এ ফুটবলার স্থানীয় টিভি চ্যানেলে বিষয়টি স্বীকার করেছেন।
অ্যাফান সিজমিচ নামের ওই বলবয় বলেন, ‘আমি দেখলাম তোয়ালের পাশে একটা কিছু আছে। বুঝতে পারলাম ওটা চিরকুট। সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেললাম। চিরকুটে আমাদের দলের ফুটবলারদের দুর্বলতা সম্পর্কে লেখা ছিল। আমি তা নিয়ে নেয়ার পর দোন্নারুমা পাঁচবারই বা দিকে ঝাঁপিয়ে পড়েছেন।’
চিরকুট চুরি নিয়ে সমালোচনা হলেও বসনিয়া সমর্থকদের কাছে নায়ক বনে গেছেন বলবয় সিজমিক। তাকে বসনিয়ার বিশ্বকাপ যাাত্রায় শুভেচ্ছাদূত করার দাবি জোরালো হচ্ছে। সিজমিক ও তার বাবা চিরকুটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। বিক্রিত অর্থ দাতব্য কাজে ব্যয় করবেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: