এএফসি অ-২০ নারী এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়
ড্র করলেই এ-গ্রুপের তৃতীয় দল হিসাবে প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলার হাতছানি ছিল। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের। বড়দের মতো ছোটরাও এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল অর্পিতারাও। মঙ্গলবার নানথাবুড়ি রাজ্য স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের শেষ খেলায় ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই পল পজিশনে পিছিয়ে ছিল বাংলাদেশ। দুর্দান্ত সব আক্রমন করে লাল সবুজের রক্ষণদূর্গ ভাঙ্গার চেষ্টা করেছে ভিয়েতনামের মেয়েরা। প্রথমার্ধে একটি সুযোগ পেয়েও তাতে ব্যর্থ হন থাইল্যান্ড ম্যাচে জোড়া গোল করা সাগরিকা। ১৩ মিনিটে ভিয়েতনামের গোলকিপার লী থি থুকে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়েও জোড়ালো শটে গোল করতে পারেননি তিনি। সাগরিকার আলতো শট সহজেই গ্রিপে নিয়ে নেন লী। প্রতিপক্ষের আক্রমণভাগের ফুটবলারদের বেশ কিছু শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন গোলকিপার মিলি আক্তার।
কিন্তু দ্বিতীয়ার্ধে তার ভুলেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪৯ মিনিটে তা থি হংয়ের দূর পাল্লার একটি শট লাফিয়ে উঠেও নিজের গ্রিপে নিতে ব্যর্থ হন গোলকিপার মিলি। হাত ফসকে বেরিয়ে পেছনে চলে যায়। সেই বলে বাঁ পায়ের আলতো শটে জালে জাড়ান লিয়েন থি থুই (১-০)। নাভিশ^াস গরমের জন্য ৩৫ ও ৭৫ মিনিটে দুইবার কুলিং ব্রেক দিতে বাধ্য হন রেফারি। তবে ম্যাচের বাকি ৪১ মিনিট সময় পেলেও সেই গোল শোধ দিতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। যার ফলে টুর্নামেন্ট থেকে খালি হাতেই বিদায় নিতে হয়েছে লাল সবুজের অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের।
নয় পয়েন্ট নিয়ে এ-গ্রুপ থেকে চীন চ্যাম্পিয়ন ও ছয় পয়েন্ট পাওয়া স্বাগতিক থাইল্যান্ড রানার্সআপ দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠেছে। বাংলাদেশকে হারিয়ে এবার তৃতীয় হিসাবে শেষ আটে জায়গা করে নিয়েছে ভিয়েতনামও।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: