ভুটানের ক্লাবে যোগ দিলেন চার বাংলাদেশি
ভুটানের শীর্ষ ফুটবল ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন বাংলাদেশের ফিনল্যান্ডপ্রবাসী ডিফেন্ডার তারিক কাজী। নতুন মৌসুমকে সামনে রেখে দলবদলের অংশ হিসেবে তাকে দলে ভিড়িয়েছে ভুটানের এই ক্লাবটি, যেখানে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন তিনি।
তারিক কাজীর এই যাত্রা শুরু হয়েছে বসুন্ধরা কিংস অধ্যায়ের ইতি টানার প্রায় ছয় মাস পর। বসুন্ধরা কিংসের সঙ্গে বকেয়া বেতনের জটিলতায় গত বছরের অক্টোবরে সম্পর্ক ছিন্ন করেন এই ডিফেন্ডার। ২০২০ সাল থেকে ক্লাবটির হয়ে খেলে রক্ষণভাগে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। তার দৃঢ় ডিফেন্স, খেলার বুদ্ধিমত্তা ও নেতৃত্বগুণ দলকে একাধিক সাফল্য এনে দেয়। কিংসের জার্সিতে তিনটি লিগ শিরোপার পাশাপাশি একটি ফেডারেশন কাপ এবং দুটি স্বাধীনতা কাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে তার।
ভুটানে নতুন ক্লাবে যোগ দিয়ে তারিককে ঘিরে বেশ আশাবাদী পারো এফসি। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, তার অভিজ্ঞতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ দলের রক্ষণভাগকে আন্তর্জাতিক মানে শক্তিশালী করবে। শান্ত স্বভাব, বহুমুখী খেলার সক্ষমতা এবং নির্ভীক ডিফেন্ডিংয়ের জন্য পরিচিত এই ফুটবলারকে ঘিরে বড় স্বপ্ন দেখছে ক্লাব কর্তৃপক্ষ। যদিও তার চুক্তির মেয়াদ বা শর্তাবলি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে চুক্তিপত্র গ্রহণ করতে এবং অনুশীলনে অংশ নিতে দেখা গেছে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করল বিসিবি
আন্তর্জাতিক অঙ্গনে তারিক কাজীর পথচলা শুরু হয় ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার মাধ্যমে। পরবর্তীতে ২০২১ সালে তিনি বাংলাদেশের জাতীয় দলে যোগ দেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেললেও এখন পর্যন্ত বড় কোনো শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। তবে ক্লাব পর্যায়ে ধারাবাহিক সাফল্য তাকে একজন পরীক্ষিত ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এদিকে, একই ক্লাবে বাংলাদেশের নারী ফুটবলারদের উপস্থিতিও নজর কাড়ছে। বাংলাদেশের নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, সঙ্গে মাৎসুশিমা সুমাইয়া এবং মাসুরা পারভীন এই মৌসুমেও পারো এফসির নারী দলে খেলবেন বলে জানা গেছে। গত মৌসুমে তাদের সঙ্গে ছিলেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাও, যা ভুটানের লিগে বাংলাদেশের ফুটবলারদের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয়।
তবে ভুটানের নারী লিগ শুরু হওয়ার সম্ভাব্য সময় মে মাসের মাঝামাঝি হওয়ায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, একই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা নারী সাফ চ্যাম্পিয়নশিপের, যেখানে জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ফলে ক্লাব ও দেশের দায়িত্বের সমন্বয় নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: