[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি ম্যানসিটি-আর্সেনাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ১১:০৪ এএম

ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে টেবিলের শীর্ষ দুই দল। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে আর্সেনালকে। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে নয়টায়।

এর আগে সন্ধ্যা সাতটায় মার্সিসাইড ডার্বিতে মুখোমুখি হবে এভারটন ও লিভারপুল। অন্যদিকে ইতালিয়ান সিরিআয় ভিন্ন ম্যাচে খেলবে এসি মিলান ও জুভেন্টাস। বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্টুটগার্ড। আর লিগ ওয়ানে বড় ম্যাচে লিয়নের বিপক্ষে খেলবে পিএসজি।

ইপিএলে এই ম্যাচটি যেন অলিখিত ফাইনাল। শিরোপা দৌড়ে যেখানে আর্সেনালের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ, সেখানে এক ম্যাচ কম খেলে ব্যবধান কমানোর হাতছানি ম্যানচেস্টার সিটির। এই ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে দুই দলের লিগ ভাগ্য।

তাই শিরোপা পুনরুদ্ধারে জয়ের বিকল্প দেখছে না সিটিজেনরা। অন্যদিকে ২০০৩-০৪ মৌসুমের পর শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ আর হাতছাড়া করতে চায় না আর্সেনাল।

চলতি মৌসুমে আগের দুই দেখায় গানারদের বিপক্ষে অপরাজিত ম্যানচেস্টার সিটি। পাশাপাশি মিকেল আর্তেতার দলকে হারিয়ে কারাবাও কাপের শিরোপাও জিতেছে পেপ গার্দিওলার দল। ব্লকবাস্টার এই ম্যাচের আগে নিকো ও’রাইলির খেলা নিয়ে সংশয় থাকলেও, তার ফেরার সম্ভাবনা রয়েছে। লিগ কাপ ফাইনালে তার জোড়া গোলেই আর্সেনালকে হারিয়েছিল সিটি। তবে ইনজুরির কারণে খেলতে পারবেন না রুবেন দিয়াজ, জন স্টোনস ও ইয়োস্কো ভার্দিওল।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, আমরা যদি হেরে যাই, তাহলে অবশ্যই শিরোপার লড়াই শেষ হয়ে যাবে। সামনে আর কোনো দ্বিতীয় সুযোগ থাকবে না।

এক ম্যাচ বেশি খেলে সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছে আর্সেনাল। এই ম্যাচে জিততে পারলে ২২ বছর পর শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে যাবে আর্তেতার দল।

আর্সেনালের কোচ মিকেল আর্তেতা বলেন, আমরা অতীত পরিবর্তন করতে পারব না। তবে এই পরিস্থিতিতে থাকাটা চাপের চেয়ে আমাদের জন্য বড় একটি সুযোগ।

তবে আর্সেনাল ডাগআউটে বড় ধাক্কা বুকায়ো সাকার ইনজুরি। পাশাপাশি মার্টিন ওডেগার্ড ও ইউরিয়েন টিম্বারের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। একাদশে দেখা যেতে পারে ১৬ বছর বয়সী তরুণ ম্যাক্স ডোউম্যানকে, যিনি ইতোমধ্যেই নিজের পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর