ইয়ামাল ইতিহাসের সেরা কিশোর প্রতিভাদের একজন: নেইমার
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বার্সেলোনার বিদায় সত্বেও লামিনে ইয়ামালকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন নেইমার। যদিও দল বিদায় নিয়েছে, তবুও তরুণ এই তারকা ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। বার্সেলোনা ভক্তদের একসময়ের আইডল এবং ইয়ামালের শৈশবের নায়ক নেইমার তার খেলা দেখে মুগ্ধ হন।
নেইমার বলেন, 'আমি সত্যিই মনে করি, ফুটবল ইতিহাসের সেরা কিশোর প্রতিভাদের একজন সে। মেসি ছিল, আমি ছিলাম, কিন্তু... ১৮ বছর বয়সে এই ছেলেটা যা করছে, তা অবিশ্বাস্য।'
তিনি আরও বলেন, 'চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা বাদ পড়ায় তার জন্য খারাপ লেগেছে। সে সর্বস্ব দিয়েছে, এমনকি দলকে ঘুরে দাঁড়ানোর শুরুটাও সে করেছে। কিন্তু এটাই ফুটবল, এখানে যেকোনো কিছু ঘটতে পারে। তার সময় আসছে। আশা করি আগামী বছর সে এই ট্রফি জিতবে... আর কেন ব্যালন ডি’অরও নয়? সে বিশেষ একজন খেলোয়াড়। এমন একজন, যার জন্য আমি সবসময় সমর্থন জানাব।'
এভাবে নেইমার যেন প্রতিদান দিলেন ইয়ামালের কয়েকদিন আগের সমর্থনের, যখন তরুণ স্প্যানিশ তারকা ব্রাজিল জাতীয় দলের হয়ে আগামী বিশ্বকাপে নেইমারকে দেখতে চাওয়ার কথা বলেছিলেন।
ইয়ামাল বলেছিলেন, 'আমি তাকে অনেকবার দেখেছি, সরাসরি মাঠেও। নেইমার এমন একজন খেলোয়াড়, যিনি আমার পুরো শৈশবকে প্রভাবিত করেছেন। তিনি আমার আইডল। ফুটবলে তিনি যা দিয়েছেন, তার জন্য আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকব। তিনি সবসময় আমাদের অনুপ্রাণিত করেন। তিনি এমন একজন খেলোয়াড়, যার খেলা দেখতে মানুষ টিকিট কেটে মাঠে যায়।'
২০২৫ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারেও ইয়ামাল ব্রাজিলিয়ান সুপারস্টারের প্রতি নিজের নিঃশর্ত ভালোবাসার কথা জানিয়েছিলেন।
তিনি বলেন, 'আমি সাত বছর বয়সে প্রথমবার তাকে ক্যাম্প ন্যুতে সরাসরি খেলতে দেখেছিলাম, আর সেটা ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা। সত্যি বলতে মেসিও সেখানে ছিলেন, তিনিও অসাধারণ ছিলেন, কিন্তু নেইমার ছিলেন সম্পূর্ণ আলাদা কিছু। তিনি সবসময়ই আমার আইডল। তিনি একজন তারকা, ফুটবলের কিংবদন্তি।'
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: