[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নেদারল্যান্ডসকে হারিয়ে মেসিদের সতর্ক করল আলজেরিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ জুন ২০২৬ ১৭:০৬ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতির উত্তাপ। টুর্নামেন্ট শুরুর আগেই বিভিন্ন দলের প্রীতি ম্যাচের ফলাফল নিয়ে আলোচনায় সরব ফুটবল বিশ্ব। সেই ধারাতেই বড় চমক এনে দিয়েছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া।

গত বুধবার রাতে নেদারল্যান্ডসের ঘরের মাঠে গিয়ে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে দেয় আলজেরিয়া। শক্তিশালী ইউরোপের দলটির বিপক্ষে এই জয় তাদের আত্মবিশ্বাসকে অনেকটাই উঁচুতে নিয়ে গেছে। আসন্ন বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ প্রতিপক্ষ আলজেরিয়ার এই জয়টি নিশ্চিতভাবেই মেসিদের জন্য বিশাল সতর্কবার্তা।

এবারের বিশ্বকাপে জে’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। টুর্নামেন্টে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান আর্জেন্টিনা শুরু করবে আলজেরিয়ার বিপক্ষেই। এর আগে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বড় চমক দেখিয়েছে উত্তর আফ্রিকার দলটি, যা আর্জেন্টিনা শিবিরের জন্য কিছুটা সতর্কবার্তার মতোই দেখা হচ্ছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও আলজেরিয়ার এই জয় আবারও প্রমাণ করেছে, বিশ্বকাপের মঞ্চে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছিল সমানে সমানে। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক ৪ মিনিট আগে (৮৬ মিনিটে) আসল চমকটি দেখান উইঙ্গার আনিস হাদজ মুসা। নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডের হয়ে খেলা এই উইঙ্গার ডান প্রান্ত থেকে দারুণভাবে বল কেটে ভেতরে ঢুকে এক বুলেট শটে বল জালে জড়ান। নিজের চেনা ঘরের মাঠেই আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি পেয়ে যান এই আলজেরিয়ান তারকা।

বর্তমান ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস যথাক্রমে তৃতীয় ও অষ্টম স্থানে অবস্থান করছে। অন্যদিকে আলজেরিয়া রয়েছে ২৮তম স্থানে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলকে হারানো আলজেরিয়ার জন্য বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।

অন্যদিকে, ২০২২ বিশ্বকাপে আফ্রিকার আরেক প্রতিনিধি মরক্কোর দারুণ পারফরম্যান্সও এখনো আলোচনায় রয়েছে। তারা সেবার সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে এবং কোয়ার্টার ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে দিয়ে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছিল।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। ন্যদিকে নেদারল্যান্ডস তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৪ জুন ড্যালাসে, জাপানের বিপক্ষে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর