বিনামূল্যে দেখা যাবে হকি এশিয়া কাপ
ভারতের বিহারের রাজগীরে ২৯ আগষ্ট থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে হকি এশিয়া কাপ। এই টুর্ণামেন্টের সব খেলা বিনামূল্যে দেখতে পাবেন দর্শকরা। কোন টাকা লাগবে না। এমনটাই জানিয়েছে ভারতীয় হকি ফেডারেশন। তারা জানিয়েছে, ভারতে হকিকে জনপ্রিয় করার লক্ষ্যেই তাদের এই আয়োজন।
কী ভাবে মিলবে হকি এশিয়া কাপের ফ্রি টিকিট?
এটার জন্য সমর্থকদের যেতে হবে ticketgenie.in ওয়েবসাইটে বা হকি ইন্ডিয়া অ্যাপে। যেখানে নিজের প্রাথমিক ডিটেইল ফিল করার পর অনলাইনেই টিকিট দেওয়া হবে সমর্থকদের। সেটা গেটে দেখিয়ে ঢুকতে পারবেন তাঁরা। এর ফলে অফলাইনে টিকিটের ঝামেলা রইল না। ফুটবলে যেমন দেখা যায়, অনলাইনে টিকিট কাটার পর সেটাকে অফলাইন থেকে সংগ্রহ করতে হয় সেটা করতে হবে না। পাশাপাশি অফলাইনে টিকিট বিক্রি করার জন্য যে অতিরিক্ত বিনিয়োগ করতে হয় সেটাও করতে হবে না হকি ইন্ডিয়াকে।
এই বিষয়টি নিয়ে ভারতীয় হকি ফেডারেশনের সভাপতি দিলীপ তিরকে বলেন, ‘রাজগীরে পুরুষদের হকি এশিয়া কাপ আয়োজন করা ভারতীয় হকির কাছে একটা ঐতিহাসিক দিন, আমরা চাই প্রত্যেক সমর্থক এটার অংশ হোন। সেই কারণে আমরা প্রবেশ ফ্রি করে দিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে, হকিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশ্বমানের হকি যাতে তরুণ অ্যাথলিটরা সামনে থেকে দেখতে পারেন সেটা করতে চাই। দেশের বিভিন্ন প্রান্তে হকিকে ছড়িয়ে দিতে চাই।’
এ বার পুরুষদের হকি এশিয়া কাপে অংশ নেবে আটটা দল। ভারত, জাপান, চীন, কাজাখস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ ও চাইনিজ তাইপেই। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে আসেনি পাকিস্তান। ফলে পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। হকি এশিয়া কাপ আবার হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জনে কাজে দেবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: