এশিয়ান গেমস হকি বাছাই
১০ গোলের রোমাঞ্চে হারেনি কেউই
এশিয়ান গেমস বাছাই পর্বের খেলায় দারুন পারফরম্যান্স লাল সবুজের হকির মেয়েদের। জিততে জিততেও শেষ পর্যন্ত ড্র করে টার্ফ ছেড়েছে তারা।
বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এ-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১০ গোলের থ্রিলারে চাইনিজ তাইপেকে ৫-৫ ব্যবধানে রুখে দিয়েছে জাহিদ আহমেদ রাজুর দল। চাইনিজ তাইপে র্যাঙ্কিংয়ের ৫৫তম দল হওয়ায় কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে নামে আনকোরা বাংলাদেশ। যদিও মাঠের লড়াইয়ে চোখে চোখ রেখে খেলেছে।
প্রথম কোয়ার্টারেই জমে ওঠে ম্যাচ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। কিন্তু পরের মিনিটেই সমতা ফেরায় চায়নিজ তাইপে। ১০ মিনিটে আবারও বাংলাদেশকে এগিয়ে যায় অধিনায়ক অর্পিতা পালের গোলে। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৩-১ করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর শুরু হয় চাইনিজ তাইপের প্রতিরোধ। দ্বিতীয় কোয়ার্টারের ভেতরই ম্যাচে সমতা ফেরায় তারা।
তৃতীয় কোয়ার্টারে এগিয়ে যায় ৫-৩ গোলেও। বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা। আগামীকাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: