চাইনিজ তাইপেকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
এশিয়া কাপে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভারতের বিহারে রাজগিরে অনুষ্ঠিত বি-পুলে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেজাউল করিমরা ৮-৩ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে।
বাংলাদেশের হয়ে মো. আবদুল্লাহ, আশরাফুল ইসলাম, রাকিবুল হাসান দুটি করে এবং সোহানুর রহমান ও রেজাউল করিম একটি করে গোল করেন। চাইনিজ তাইপের হয়ে সিয়েহ সুং দুটি ও শি সু জেং এক গোল করেন।
এশিয়া কাপের শুরুটা খুব একটা ভাল হয়নি বাংলাদেশের। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল রেজাউল করিম বাহিনী। তবে কাল চাইনিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই স্বরুপে ফিরেছে লাল সবুজের দল।
ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখিয়ে খেলতে থাকে বাংলাদেশ। মাত্র ৪ মিনিটেই ফিল্ড থেকে গোল আদায় করে দলকে এগিয়ে দেন মো. আবদুল্লাহ (১-০)। তবে মিনিট ছয়েক পর ফিল্ড থেকে গোল করে সমতায় ফেরান চাইনিজ তাইপের সিয়েহ সুং (১-১)। ১৮ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে এবার তাইপেকে এগিয়ে দেন সিয়েহ সুং (২-১)। পরের গল্পটা শুধুই লাল সবুজদের। ২৬ মিনিটে ফিল্ড থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান মো. আবদুল্লাহ (২-২)।
৩৬ মিনিটে পিসি থেকে দলকে এগিয়ে দেন সোহানুর রহমান সবুজ (৩-২)। মিনিট ছয়েকের মধ্যে টানা দুই গোল করে বাংলাদেশেকে ৫-২ ব্যবধানে এগিয়ে দেন রাকিবুল হাসান। ৪৫ মিনিটে পিসি মাস্টার আশরাফুল ইসলাম গোল করলে ৬-২ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল করিম পিসি থেকে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৭-২)। মিনিট দুয়েক পরেই ফের পিসি স্পেশালিষ্ট আশরাফুল ঝলকে ব্যবধান ৮-২ এ দাঁড়ায়।
ম্যাচের অন্তিম সময়ে অবশ্য চাইনিজ তাইপের শি সু জেং পিসি থেকে এক গোল করলে তাদের হারের ব্যবধান দাঁড়ায় (৩-৮) গোলে। সোমবার বেলা দুইটায় পুলের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ।
আগামী বছর আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকি। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে ১৬ দলের ওই আসরে। শীর্ষ ছয়ে থাকা বাকি পাঁচ দল আগামী ফেব্রুয়ারিতে খেলবে হকির বিশ্বকাপ বাছাই। চায়নিজ তাইপেকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: