[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান হকি সিরিজ ঢাকাতেই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯ পিএম

বিশ্বকাপ হকির বাছাই পর্বে ওঠার জন্য বাংলাদেশকে যে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকায়।

 

বিশ্বকাপ হকির বাছাই পর্বে ওঠার জন্য বাংলাদেশকে যে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকায়। আজ শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ঠিক কবে হবে ম্যাচ তিনটি তা এখনো নিশ্চিত হয়নি। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী তিন-চারদিনের মধ্যে এশিয়ান হকি ফেডারেশনের সাথে আলোচনা করে আমরা তারিখ নির্ধারণ করবো।’


২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের বিহার রাজ্যের রাজগিরে হওয়া এশিয়া কাপে বাংলাদেশ ষষ্ঠ স্থান লাভ করায় বিশ্বকাপের বাছাই পর্বে ওঠার জন্য এই সিরিজ খেলতে হবে। সিরিজ জয়ী দল পাবে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ে খেলার টিকিট। যেখানে খেলবে ১৯টি দল।

এশিয়া কাপ হকিতে নাম ছিল পাকিস্তানেরও। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনো দেশ নিরাপত্তার কারণে অংশ নিতে না পারলে এবং তাদের র‌্যাংকিং যদি ষষ্ঠ হওয়া দেশের চেয়ে ওপরে থাকে তাহলে প্লে-অফের সুযোগ পাবে। তাই বাংলাদেশ ষষ্ঠ হওয়ায় খেলতে হবে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে।


কবে নাগাদ হতে পরে এই ম্যাচ তিনটি? বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা একটু দেরিতেই আয়োজন করতে চেয়েছিলাম। তবে এশিয়ান হকি ফেডারেশন বেশি দেরি করতে পারবে না। এখন আমাদের ম্যাচ আয়োজনের তারিখের বিষয়টি অনেক কিছুর ওপর নির্ভর করছে। সামনে আমাদের অনূর্ধ্ব-২১ দলের বিশ্বকাপ ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। তাই কবে তারিখ দেওয়া যায় সেটা সবাইকে নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আমি একা সম্ভাব্য তারিখ বলতে পারছি না।’

সেপ্টেম্বর-অক্টোবরে ম্যাচ তিনটি আয়োজন করতে না পারলে নভেম্বরেও সম্ভব নয়। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাই। তাই ডিসেম্বরের শেষ সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তিনটি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক সেই সম্ভাবনার বিষয়টি বলতে চাইলেন না সবার সাথে আলোচনা না করে।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জিতে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে উঠতে পারবে সে প্রত্যাশা কেউ করছেন না। তবে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতাই হবে বিশাল কিছু। কারণ, বাংলাদেশ চাইলেই এশিয়া তথা বিশ্ব হকির অন্যতম পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পায় না।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর