আগামীকাল অস্ট্রিয়াকে হারালেই চ্যালেঞ্জার্স ট্রফি পাবে বাংলাদেশ
আগামীকাল ১৭তম স্থান নির্ধারণী খেলায় অস্ট্রিয়ার বিপক্ষে টার্ফে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি জিতলে বাংলাদেশ স্থান পাবে ১৭-তে। পাশাপাশি ‘চ্যালেঞ্জার্স কাপ’ নামে একটি ট্রফিও পাবে কোচ আইকম্যানের দল।
হকির যে কোনো পর্যায়েই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। ভারতে চলমান জুনিয়র হকি বিশ্বকাপে (অনূর্ধ্ব-২১) উজ্জ্বল বাংলাদেশের পারফরম্যান্স। আমিরুলময় এক বিশ্বকাপই খেললো লাল সবুজের যুবারা। পাঁচ ম্যাচের মধ্যে চারটি হ্যাটট্রিক করেছেন আমিরুল। ১৫ গোল করে রয়েছেন সর্বাধিক গোলদাতাদের শীর্ষে। আগামীকাল ১৭তম স্থান নির্ধারণী খেলায় অস্ট্রিয়ার বিপক্ষে টার্ফে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি জিতলে বাংলাদেশ স্থান পাবে ১৭-তে। পাশাপাশি ‘চ্যালেঞ্জার্স কাপ’ নামে একটি ট্রফিও পাবে কোচ আইকম্যানের দল। দারুণ খেলে এরই মধ্যে প্রশংসা পাচ্ছেন বাংলাদেশ যুব হকি দলের খেলোয়াড়েরা। এবার ট্রফি পেলে সেটি হবে তাঁদের জন্য বাড়তি পাওয়া।
অস্ট্রিয়ার বিপক্ষে জিতে চ্যালেঞ্জার্স কাপ নিতে ব্যাকুল হয়ে আছেন যুবারা। মাদুরাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের অধিনায়ক মেহরাব হাসান বলেন, ‘আমরা এতদূর এসেছি, আর সামনে একটি মাত্র ম্যাচ আছে। এই ম্যাচে জয় নিয়ে ফিরতে চাই।’ জিতলে মিলবে ট্রফি। এই অনুভূতিই কাজ করছে বাংলাদেশ অধিনায়কেরও, ‘আমরা যে এ পর্যন্ত আসব সেটি হয়ত আগে ভাবিনি। কেবল ম্যাচ বাই ম্যাচ এবং নিজেদের ওপর বিশ্বাস রেখেছি এবং দলের সবার অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছি। এখন কালকের (আজ) ম্যাচ জিতলে শুনেছি ট্রফি পাবো। সেটি আমাদের জন্য নিঃসন্দেহে দারুণ হবে।’
বিশ্বকাপে ব্যক্তিগতভাবে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে চলেছেন হকির হামজা খ্যাত আমিরুল ইসলাম। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ১৫ গোল। নিজের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি হকির এই উঠতি তারকা, ‘নিজের পারফরম্যান্সে সত্যি অনেক খুশি। ভাবিনি এতগুলো গোল হবে, কালকে আমাদের শেষ ম্যাচ, সবার কাছে দোয়া চাই।’
বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। হকিতে শক্তিশালী এই দলটির বিপক্ষে লড়াই করে বাংলাদেশ হার মানে ৫-৩ ব্যবধানে। ওই ম্যাচে তিনটি গোলই ছিল আমিরুলের। পরের ম্যাচেও কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন ফরিদপুর থেকে উঠে আসা এই হকি খেলোয়াড়। ম্যাচটি বাংলাদেশ ড্র করে ৩-৩ ব্যবধানে। এরপর গ্র“প পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আরও একবার বুক চিতিয়ে লড়াই করে বাংলাদেশ। তবে সেদিন হারতে হয় ৩-২ গোলে। দক্ষিন কোরিয়ার সঙ্গে ফিরতি দেখায় আমিরুলের হ্যাটট্রিকের সুবাদে ৫-৩ গোলে জেতে বাংলাদেশ। এবার শেষ ম্যাচটি জিতে দেশে ফিরতে চান আমিরুল। অস্ট্রিয়ার বিপক্ষেও মেলে ধরতে চান নিজেকে, ‘আমাদের লক্ষ্য ছিল অন্তত সেরা ১৬ এর মধ্যে থাকা। সেটি হয়নি। এখন আমরা ১৭তম হতে চাই। কালকের দেশের মানুষকে আরেকটি জয় উপহার দিতে চাই।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: