[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

বিমানের ভেতর ধূমপান করতে গিয়ে ধরা পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

আর্জেন্টিনায় অনুষ্ঠিত ‘এফআইএইচ’ প্রো লিগে অংশগ্রহণ শেষে জাতীয় দলের সঙ্গে ফেরার পথে বিতর্কে জড়ালেন সাবেক পাকিস্তানি অলিম্পিক হকি খেলোয়াড় আঞ্জুম সাঈদ। ব্রাজিলের রিও ডি জেনেইরো বিমানবন্দরে উড়োজাহাজে জ্বালানি ভরার সময় তিনি বিমানের ভেতর ধূমপান করতে গিয়ে ধরা পড়েন। খবর ডেইলি পাকিস্তানের।

এই সফরে পাকিস্তান দলের ম্যানেজার আঞ্জুম সাঈদ। আর্জেন্টিনা থেকে ফেরার পথে ব্রাজিলে যাত্রাবিরতির সময় এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, রিওতে বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে রিফুয়েলিং চলাকালীন তিনি বিমানের ভেতরে ধূমপান করছিলেন, যা মারাত্মক নিরাপত্তা লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

ঘটনার জেরে আঞ্জুম সাঈদ এবং পাকিস্তান দলের এক খেলোয়াড়কে আর বিমানে উঠতে দেওয়া হয়নি। ওই ফ্লাইটটি দুবাই হয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল।

পরবর্তীতে সাবেক এই ডিফেন্ডার ও মিডফিল্ডার আলাদাভাবে পাকিস্তানে ফেরেন। তিনি দাবি করেছেন, দুবাইয়ে ব্যক্তিগত কাজ থাকায় তিনি দলের সঙ্গে ফেরেননি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ব্যাখ্যা নাকচ করে জানিয়েছেন, বিষয়টি ইতোমধ্যেই পাকিস্তান স্পোর্টস বোর্ডের (পিএসবি) নজরে এসেছে।

পিএসবি’র এক সিনিয়র কর্মকর্তা জানান, বোর্ড আনুষ্ঠানিকভাবে পাকিস্তান হকি ফেডারেশনকে (পিএইচএফ) এ ঘটনায় একটি স্বতন্ত্র তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে। তার মতে, এই ঘটনা পাকিস্তানি ক্রীড়াঙ্গনের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

কর্মকর্তাদের দাবি, বিমানকর্মীরা ধূমপানের বিষয়টি নিয়ে আপত্তি জানালে আঞ্জুম সাঈদ এবং ওই খেলোয়াড় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এরপর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে দু’জনকেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

আঞ্জুম সাঈদ পাকিস্তান হকির পরিচিত মুখ। তিনি ১৯৯২ অলিম্পিকে পাকিস্তানের হয়ে খেলেন এবং ১৯৯৪ সালে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর