মধ্যপ্রাচ্যে যুদ্ধে বদলে গেল বাংলাদেশের এশিয়ান গেমস হকি বাছাইয়ের ভেন্যু ও টুর্নামেন্টের সময়
আগামী ২৮ মার্চ থেকে ওমানের মাসকাটে শুরু হওয়ার কথা ছিল এশিয়ান গেমস হকির বাছাই টুর্নামেন্ট। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরানের পাল্টা জবাবে পুরো মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে উঠেছে। যে কারণে আসন্ন এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টের ভেন্যু ওমান থেকে থাইল্যান্ডে সরিয়ে নিয়েছে এশিয়ান হকি ফেডারেশন।
এশিয়ান গেমস হকির বাছাইয়ের ভেন্যুর পাশাপাশি টুর্নামেন্টের সময়ও পিছিয়েছে। ২৮ মার্চের পরিবর্তে এখন খেলা শুরু হবে ২ এপ্রিল। বাংলাদেশের যাত্রা ২৫ মার্চের পরিবর্তে এখন ৩১ মার্চ।‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। ৯ দলের মধ্যে শীর্ষ ৪ দল সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
আসন্ন টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের আশা বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ আশিকুজ্জামানের। দলের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি চলছে ভালোভাবে। বাংলাদেশ এই টুর্নামেন্টে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়। আমরা এবারও ভালো ফলাফলের লক্ষ্যে টুর্নামেন্টে যাব৷’
জাতীয় হকি দলের প্রাথমিক স্কোয়াড কয়েক দফা কমে এখন ২৬ জনের। জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহানুর রহমান সবুজ গতকাল ক্যাম্প ত্যাগ করেছেন। হকি সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে, সবুজের সংস্থা তাকে ক্যাম্প থেকে ফিরিয়ে নিয়েছে তার ব্যক্তিগত একটি বিষয়ে শৃঙ্খলা সম্পর্কিত হওয়ায়। হকিতে চূড়ান্ত স্কোয়াড ১৮ জনের। ফেডারেশনের সিলেকশন প্যানেল ও কোচিং স্টাফরা মিলে দল সংক্ষিপ্ত করবেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: