[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার এশিয়ান গেমস হকির বাছাই পর্বে মেয়েরাও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

ক’দিন আগেই ব্যাংককে এশিয়ান গেমস বাছাই পর্ব খেলে এসেছেন রেজাউল করিম বাবুরা। বাছাই পর্বে আগে চ্যাম্পিয়ন হলেও এবার পঞ্চম হয়ে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশের ছেলেরা। এবার সেই যোগ্যতা অর্জন করার পালা মেয়েদেরও। সেই বাছাই পর্ব খেলতে ২০ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় যাবেন লাল সবুজের মেয়েরা। বুধবার হকি ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশে হকির ইতিহাস অনেক পুরনো হলেও নারী হকিতে সিনিয়র জাতীয় দল আন্তর্জাতিক অঙ্গনে এখনও পদার্পণ হয়নি। গত কয়েক বছর জুনিয়র বা বয়সভিত্তিক পর্যায়ে খেলেছে বাংলাদেশ। এবারই প্রথম সিনিয়র দল খেলবে এশিয়ান গেমসে। আর এশিয়ান গেমসের বাছাই দিয়ে শুরু হবে নারী হকির বিশেষ যাত্রা। ২৩-২৯ এপ্রিল ইন্দোনেশিয়ার জার্কাতায় এশিয়ার আট দেশ বাছাই টুর্নামেন্ট খেলবে। বাংলাদেশ পড়েছে এ-গ্রুপে।

এই গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ চাইনিজ তাইপে, উজবেকিস্তান ও হংকং। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্টই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ জাতীয় নারী হকি দলের প্রধান কোচ জাহিদ হোসেন রাজু এশিয়ান গেমসে খেলার আশা রেখে বলেন, ‘আমাদের গ্রুপে চাইনিজ তাইপে শক্ত প্রতিপক্ষ।

তবে উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আশা করছি। এই দুই ম্যাচে ইতিবাচক ফলাফল পেলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলা যেতে পারি। সেক্ষেত্রে নারী হকির জন্য সেটা হবে বিশাল এক প্রাপ্তি।’ বাংলাদেশ অ-১৮ নারী হকি দল এশিয়ান কাপে ব্রোঞ্জ জিতেছিল। বিকেএসপির সেই খেলোয়াড়রাই এখন জাতীয় দলে খেলবেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর