[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

বেসবলে পুলিশের সপ্তমবারের মতো জাতীয় শিরোপা অর্জন।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ২২:০৬ পিএম

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি মাঠে আজ (২৮ জুন ২০২৬) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো '’৯ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬'’। বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ পুলিশ বেসবল দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ আনসার ও ভিডিপি বেসবল দলকে ৯ ইনিংসের খেলায় ৩৪-১২ রানে পরাজিত করে সপ্তমবারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দুপুর ২টায় শুরু হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই বাংলাদেশ পুলিশ আক্রমণাত্মক ও আধিপত্যপূর্ণ খেলা উপহার দেয়। ব্যাটিং ও ডিফেন্স - উভয় বিভাগেই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তারা শিরোপা পুনরুদ্ধার করে।
খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জনাব মোঃ আমিনুল হক বিজয়ীদের মাঝে ট্রফি, পদক, মেডেল ও নগদ অর্থ তুলে দেন।

পুরস্কার:
চ্যাম্পিয়ন: বাংলাদেশ পুলিশ – ৫০,০০০ টাকা।
রানার্সআপ: বাংলাদেশ আনসার ও ভিডিপি – ২৫,০০০ টাকা।
তৃতীয় স্থান: জয়পুরহাট জেলা – ১৫,০০০ টাকা।
চতুর্থ স্থান: মুন্সীগঞ্জ জেলা – ১০,০০০ টাকা।
MVP - ১০০০ টাকা।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ আফজালুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড. আরাফে জাওয়াদ, ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জেলার খেলোয়াড়, কোচ, ম্যানেজার, আমন্ত্রিত অতিথি এবং ক্রীড়াপ্রেমীরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বেসবল বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় একটি পেশাদার খেলা। আজ প্রথমবারের মতো সরাসরি বেসবল খেলা দেখার সুযোগ হয়েছে এবং খেলাটি অত্যন্ত উপভোগ্য ও আকর্ষণীয় বলে আমার মনে হয়েছে।” তিনি আরও বলেন, বাংলাদেশে বেসবলের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও দক্ষ খেলোয়াড় তৈরি করা হবে এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

বক্তব্যের এক পর্যায়ে মাননীয় প্রতিমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপের জন্য আন্তর্জাতিক মানের মাঠ, আবাসন, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সহযোগিতা টুর্নামেন্টটি সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও বেসবলের উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং জাতীয় প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

তিনি বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের স্বল্প সময়ে সারা দেশে বেসবলের উন্নয়ন কার্যক্রম, জেলা ও ক্লাবভিত্তিক দল গঠন এবং এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ১৪টি জেলা, ক্লাব ও বাহিনী দলের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি এসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে প্রশিক্ষণ ও জাতীয় প্রতিযোগিতা আয়োজনের জন্য একটি স্থায়ী বেসবল মাঠ বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এর আগে সারাদিনব্যাপী অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়পুরহাট জেলা বেসবল দল শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ১৫-১৪ রানে মুন্সীগঞ্জ জেলা বেসবল দলকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে।

দেশব্যাপী বেসবলের প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশন আয়োজিত এই জাতীয় চ্যাম্পিয়নশিপ দেশের বেসবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিবিএসএ আশা প্রকাশ করেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সকলের সম্মিলিত সহযোগিতায় বাংলাদেশে বেসবল আরও জনপ্রিয় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর