ফুটবলের মহাতারকা, তবুও ছাড় নয় মেসিকে, মেটাল ডিটেক্টর দিয়ে চললো তল্লাশি
চলমান বিশ্বকাপকে ঘিরে আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর করা হয়েছে। সেই কড়াকড়ির বাইরে থাকেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ম্যাচ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয় তাকে। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিশ্বকাপে আর্জেন্টিনার বেস ক্যাম্প বর্তমানে মিসৌরির কানসাস সিটিতে। সেখান থেকে পরবর্তী ম্যাচ খেলতে দলটি রওনা দেয় ফ্লোরিডার মায়ামিতে। হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যাত্রার আগে বিমানবন্দরের নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সব খেলোয়াড়কেই লাগেজ জমা দিয়ে নির্ধারিত তল্লাশি পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একে একে আর্জেন্টিনার ফুটবলাররা নিরাপত্তা চৌকি অতিক্রম করছেন। লিওনেল মেসির শরীর হাতে ধরা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করেন নিরাপত্তাকর্মীরা। পুরো প্রক্রিয়াটি ছিল নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ এবং অন্য সবার মতো মেসিকেও একই নিয়ম অনুসরণ করতে হয়।
ভিডিওটির আরেকটি মুহূর্তও দর্শকদের নজর কাড়ে। সেখানে দেখা যায়, মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে তল্লাশি করার সময় কোনো একটি ঘটনা দেখে মেসি হেসে ওঠেন। তার সেই স্বতঃস্ফূর্ত হাসির দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।
এদিকে বিশ্বকাপে এবার অন্যতম চমক হিসেবে আবির্ভূত হয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেও তারা কোনো জয় পায়নি, তবে কোনো ম্যাচেও হারেনি। ধারাবাহিকভাবে ড্র করে ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দেশটি। বিশ্বকাপের নকআউটে ওঠা সবচেয়ে ছোট দেশ হিসেবেও নতুন ইতিহাস গড়েছে তারা।
তাই কাগজে-কলমে আর্জেন্টিনা ফেবারিট হলেও কেপ ভার্দেকে মোটেও হালকাভাবে নেয়ার সুযোগ নেই। দৃঢ় রক্ষণ ও সংগঠিত ফুটবল দিয়ে প্রতিপক্ষকে ভোগাতে সক্ষম দলটি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্যও কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২’র ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: