[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

শেষ ষোলোতে নরওয়ে বাধা টপকালে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

একের পর এক কঠিন পরীক্ষা উতরে এবার বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে ব্রাজিল। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও এরপর টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ রাউন্ড অব ৩২’র লড়াইয়ে জাপানকে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা। এখন ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ নরওয়ে।

আগামী রোববার (৫ জুলাই) শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে হারাতে পারলে ব্রাজিলের সামনে অপেক্ষা করবে আরও কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা স্বাগতিক মেক্সিকো। রাউন্ড অব ৩২ তে ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড, আর ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে জায়গা করে নেয় স্বাগতিক মেক্সিকো।

এবারের আসরে ইংল্যান্ড এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে। টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচে হারেনি তারা। ডিআর কঙ্গোর বিপক্ষে নকআউট ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়লেও শেষ ১৫ মিনিটে দুই গোল করে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় ইংলিশরা। দলের আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক হ্যারি কেইন। চার ম্যাচে পাঁচ গোল করে তিনি এখন প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছেন।

অন্যদিকে স্বাগতিক মেক্সিকোও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে চলেছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটিও গোল হজম করেনি দলটি। শক্তিশালী রক্ষণভাগ ও সংগঠিত ফুটবলের কারণে মেক্সিকোকে হারানোও সহজ হবে না। ফলে কোয়ার্টার ফাইনালে যে দলই প্রতিপক্ষ হোক, ব্রাজিলকে নিজেদের সেরাটা খেলেই জয় নিশ্চিত করতে হবে।

ব্রাজিল যদি শেষ আটের বাধাও পেরিয়ে যায়, তাহলে সেমিফাইনালে তাদের সামনে আসতে পারে আরও শক্তিশালী প্রতিপক্ষ। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিদের তালিকায় রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া এবং সুইজারল্যান্ডের মতো দল। তবে সেই হিসাবের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নরওয়ের বাধা টপকানো।

নরওয়েও এবার বিশ্বকাপে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। আর্লিং হালান্ডকে সামনে রেখে দলটি ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। আর ব্রাজিলের বিপক্ষে অতীতের পরিসংখ্যানও নরওয়েকে আত্মবিশ্বাস জোগাতে পারে।

ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মাঠে নেমেছে নরওয়ে। এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে ইউরোপের দলটি, বাকি দুটি হয়েছে ড্র। অর্থাৎ, ইতিহাস বলছে ব্রাজিল এখন পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি।

দু’দলের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে স্তাদ ভেলোড্রোমে রোনাল্ডো, রিভালদো ও কাফুদের নিয়ে গড়া মারিও জাগালোর শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল নরওয়ে।

এর আগে ১৯৮৮ ও ১৯৯৭ সালের দুটি প্রীতি ম্যাচের একটিতে জয় পেয়েছিল নরওয়ে, অন্যটি ড্র হয়েছিল। এরপর ২০০৬ সালে দু’দলের সর্বশেষ প্রীতি ম্যাচও ১-১ সমতায় শেষ হয়।

অতীতের পরিসংখ্যান তাই ব্রাজিলের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। তবে বর্তমান ফর্ম, আত্মবিশ্বাস এবং নকআউট পর্বে টানা জয় ব্রাজিলকে নতুন আশার আলো দেখাচ্ছে। এখন দেখার বিষয়, ইতিহাস বদলে নরওয়ের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করতে পারে কি না সেলেসাওরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর