[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

এটাই এখন পর্যন্ত সেরা ম্যাচ, কঙ্গোকে হারিয়ে বললেন কেইন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ জুলাই ২০২৬ ০৮:০৭ এএম

ঘানা, ক্রোয়েশিয়া ও পানামাকে পেছনে ফেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। তবে এমন প্রতিপক্ষ সামলেও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের কাছে এখনো পর্যন্ত সেরা ম্যাচ শেষ বত্রিশে ডিআর কঙ্গোর বিপক্ষে।

বুধবার (১ জুলাই) রাতের এই ম্যাচে ১ গোলে পিছিয়ে পড়লেও জোড়া গোল দিয়ে আলো ছড়ান কেইন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়ে নিয়ে যান শেষ ষোলোতে।

ম্যাচশেষে কেইন বলেন, ‘অনুভূতিটা দারুণ, অবিশ্বাস্য এক ম্যাচ ছিল। সবার আগে বলতে হবে, তারা খুবই কঠিন প্রতিপক্ষ। বিশেষ করে পিছিয়ে পড়ার পরও তারা দারুণ লড়াই করেছে। প্রথম হাইড্রেশন ব্রেকের পর আমরা অসাধারণ খেলেছি। [লিওনেল] এমপাসি কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন।’

ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমরা বলেছিলাম, এমন ম্যাচে কারও না কারও নায়ক হয়ে ওঠার মুহূর্ত আসবে। আজ সেটাই দেখা গেছে। এ ধরনের ম্যাচে ধৈর্য ধরে খেলতে হয়। শেষ দুটি ম্যাচও প্রায় একই রকম ছিল। নকআউট পর্বে চাপ এবং ম্যাচের গুরুত্ব অনেক বেশি থাকে। এটাই সম্ভবত টুর্নামেন্টে এখন পর্যন্ত আমাদের সেরা ম্যাচ। এই ম্যাচের মতো পরের ম্যাচটিও কঠিন হবে। এবার আমরা মেক্সিকোর বিপক্ষে তাদের মাঠে খেলতে যাচ্ছি। টুর্নামেন্ট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সুন্দর ফুটবলের চেয়ে যেকোনোভাবেই হোক ফল বের করে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

দলের সাফল্যে বেঞ্চের খেলোয়াড়দের গুরুত্বও স্বীকার করেছেন কেইন, ‘বেঞ্চ থেকে নামা খেলোয়াড়রাও গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। আমাদের উইঙ্গাররা সতেজ এবং তারা মাঠে নেমে দলের খেলার মান আরও বাড়িয়ে দিতে পারে। পুরো ৯০ মিনিট আমাদের সামলানো যেকোনো প্রতিপক্ষের জন্যই কঠিন। দলের সবাইকে নিয়ে আমি খুবই আনন্দিত।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর