মেসির বিশ্বকাপ রেকর্ড ভাঙতে এমবাপ্পের পাশে পুরো ফ্রান্স
ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে লিওনেল মেসির পেছনে ছুটছেন কিলিয়ান এমবাপ্পে। মেসি ছয়টি বিশ্বকাপে গোল করেছেন ১৯টি। এমবাপ্পে তিন বিশ্বকাপ কম খেলেই গোল করেছেন ১৮টি। মেসি বয়সটাকে সংখ্যা বানিয়ে দুরন্ত গতিতে ছুটছেন। আর সময়টা এখন এমবাপ্পের। তাকে আটকানোর সাধ্য কার!
বুধবার সকালেও সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছেন। মেসি এবারের বিশ্বকাপেই মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে নিজেকে শৃঙ্গে নিয়ে গেছেন। এমবাপ্পে মেসিকে টক্কর দিচ্ছেন সেয়ানে সেয়ানে। সতীর্থরা তাকে গোল পেতে সাহায্য করছেন। এমবাপ্পে অবশ্য একাই গোল করছেন না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে দেম্বেলের হ্যাটট্রিকে জোড়া অ্যাসিস্ট করেছেন। যা তাকে এবারের গোল্ডেন বুট পেতে সাহায্য করবে নিশ্চিত।
কেননা বিশ্বকাপের সর্বোচ্চ গোল সংখ্যার রেকর্ড সমান হলে তখন কার কতটা অ্যাসিস্ট সেই হিসেব টানা হবে। মেসি এমবাপ্পের মতো ৬ গোল পেলেও অ্যাসিস্ট নেই কোনো।
এদিকে ফ্রেঞ্চ ফুলব্যাক মালো গুস্তো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার পর পুরো দল চায় এমবাপ্পেকে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ ও অতিক্রম করতে সহায়তা করতে। মিক্সড জোনে গুস্তো বলেন, ‘কিলিয়ানের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় থাকলে তার লক্ষ্যই হবে গোল করা, ট্রফি জেতা এবং নতুন নতুন অর্জনের পেছনে ছোটা। সে এসব রেকর্ডের কাছে পৌঁছে যাচ্ছে। এতে আমরা মোটেও অবাক নই। আমরাও চাই তাকে এই লক্ষ্য অর্জনে সহায়তা করতে।’
রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ, ২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে মোট ১৮টি গোল করেছেন। মেসি এখনও রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামেননি। শুক্রবার দিবাগত রাতে আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের বিপক্ষে।
সতীর্থ এমবাপ্পের মানসিকতার প্রশংসা করে গুস্তো বলেন, ‘রেকর্ডের বিষয়টি সে খুবই স্বাভাবিকভাবে নেয়। এটা দেখে আমরা খুবই খুশি।’
তবে শিরোপা থেকে নিজেদের মনোযোগ সরাননি তা গুস্তোর কথায় স্পষ্ট হয়েছে, ‘আমাদের মূল লক্ষ্য ফ্রান্স জাতীয় দলকে জেতানো এবং দলকে সামনে এগিয়ে নেওয়া।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: