[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জ্বিনের আছর! হাস্যকর কারণে কাবাডি ক্যাম্প স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯ পিএম

হাস্যকর এক কারণ দেখিয়ে মহিলা ক্রীড়া কমপ্লেক্স ছেড়ে বিকেএসপিতে স্থানান্তরিত হচ্ছে কাবাডির ক্যাম্প। রোববার পুরুষ সিনিয়র দল এবং আজ সোমবার মেয়েদের সিনিয়র ও জুনিয়র দুই বিভাগই যাচ্ছে বিকেএসপিতে।

সূত্রে জানা গেছে, সিনিয়র মহিলা দলের ম্যানেজার কাম প্রধান কোচ শাহনাজ পারভীন মালেকা ও পুলিশের খেলোয়াড় তাহরিন নাকি জ্বিন দেখেছেন। এ কারণেই ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স ছেড়ে বিকেএসপিতে স্থানান্তরিত হচ্ছে কাবাডির সিনিয়র ও জুনিয়র মহিলা খেলোয়াড়দের ক্যাম্প। বিষয়টি নিশ্চিত করে সিনিয়র মেয়েদের সহকারী কোচ ও জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক আরদুজ্জামান মুন্সি বলেন, ‘সিনিয়র ছেলেদের ক্যাম্প রোববারই বিকেএসপিতে চলে গেছে। আমাদের সিনিয়র ও জুনিয়র মেয়েদের ক্যাম্প আগামীকাল (আজ) বিকেএসপিতে শিফট করবে।’

এশিয়ান যুব গেমস ও সাউথ এশিয়ান (এসএ) গেমস উপলক্ষ্যে দীর্ঘমেয়াদী ক্যাম্প শুরু হয়েছে কাবাডির। ছেলেদের সিনিয়র ও জুনিয়রদের অনুশীলন চলছিল পলটনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে। অন্যদিকে সিনিয়র ও জুনিয়র মেয়েদের অনুীশলন চলছিল ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। এই কমপে¬ক্সে চোট আর জ্বিনের সমস্যার কারণেই নাকি ক্যাম্প চলে যাচ্ছে বিকেএসপিতে।

এ বিষয়ে কথা বলতে চাইলে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী অবাক হয়ে বলেন, ‘যখন আশেপাশে কোন বাড়িঘর ছিল না, তখন আমরাই এখানে খেলেছি। প্রায় প্রত্যেক মাসেই এখানে কোন না কোন ক্যাম্প হয়। কই অন্যেরা তো কিছুই বলেনি। আসলে তাদের ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে হয়তো।’ তিনি যোগ করেন, ‘এখানে থাকলে সাধারন সম্পাদক বা কর্মকর্তারা নিয়মিত যাতায়াত করতে পারেন। নিয়মিত খোঁজ খবর নেন তারা। বিষয়টি এড়াতেই হয়তো মেয়েরা দূরে কোথাও যেতে চাইছে। নইলে অন্যরা জ্বিন দেখেনি, কাবাডির দুয়েকজন দেখলো।’ সাধারন সম্পাদিকা আরও বলেন, ‘আমি আবার শুনেছি এখানে ক্যাম্প কমান্ডার আসাদুজ্জামান শাহিন ভুতের গল্প করেন মেয়েদের সঙ্গে। এটা তো ঠিক নয়। দেখা যাচ্ছে তাদের ভিন্ন কোন ্উদ্দেশ্য রয়েছে।’

এদিকে খেলা পরিচালনা করতে না দেওয়ায় কাবাডি ফেডারেশনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার উদ্যোগ নিচ্ছেন উদীয়মান রেফারিরা। শনিবার এক সভা শেষে রেফারিজ কমিটির সাবেক সদস্য সচিব এমএম মান্নান বলেন, ‘ঢাকার অনেক উদীয়মান রেফারি রয়েছে, মানসম্মত হলেও মতবিরোধ থাকায় তাদেরকে ডাকছেন না কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক এএসএম নেওয়াজ সোহাগ। তাই তার সকল কৃতকর্মের বিরুদ্ধে খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলন করবেন উদীয়মান রেফারিরা।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর