[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিচ কাবাডির দল গঠন নিয়ে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১১:০৩ এএম

চীনের সানিয়াতে ২২-৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে এশিয়ান বিচ গেমস। বাংলাদেশ ছয়টি ডিসিপ্লিনে অংশ নেবে। যার একটি কাবাডি। তবে এশিয়ান বিচ গেমসের পুরুষ কাবাডি দল গঠন নিয়ে অভিযোগ উঠেছে, যোগ্য ও অভিজ্ঞদের পাশ কাটিয়ে গেমসের জন্য দল তৈরী করা হয়েছে। যাদের নিয়ে কোচ বাদশা মিয়ার তত্বাবধানে পলটের আউটার স্টেডিয়ামে চলছে অনুশীলন ক্যাম্প।

অভিযোগে জানা যায়, কোনো ধরনের বাছাই পর্ব ছাড়াই সরাসরি খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প শুরু করে ফেডারেশন। অথচ আন্তর্জাতিক গেমসের চূড়ান্ত দল গঠনের প্রক্রিয়ায় দ্বিপায়ন গোলদার, ফেরদৌস শেখ, মনিরুল ইসলাম এবং তুহিন তরফদারদের মতো একাধিক অভিজ্ঞ ও তারকা কাবাডি খেলোয়াড় অভিজ্ঞ ও দক্ষরা উপেক্ষিত হয়েছেন।

একটি বাহিনীতে খেলোয়াড় হিসাবে থাকা পরিচয় প্রকাশে অনিচ্ছুক খেলোয়াড় অভিযোগ করে বলেন, ‘নেপালের সঙ্গে টেস্ট কাবাডি সিরিজে আমি সেরা খেলোয়াড় হয়েছিলাম। দীর্ঘদিন ধরেই কাবাডি খেলছি এবং বিচ কাবাডির গত আসরগুলোতেও ভালো পারফরম্যান্স করেছি। কিন্তু এবার ক্যাম্পে আমার নামই নেই। কোনো ট্রায়ালও নেওয়া হয়নি।’

আরেক বাহিনীর একজন খেলোয়াড় নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিচ কাবাডিতে আমি নিয়মিত ভালো করি। যদি সবার জন্য বাছাই পর্ব হতো, তাহলে আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেতাম। কিন্তু সেই সুযোগ আমাদের দেওয়া হয়নি।’ এসব অভিযোগের প্রেক্ষিতে জাতীয় দলের কোচ বাদশা মিয়া বলেন, ‘ফেডারেশন তরুন একটি দল নির্বাচন করে আমাকে দিয়েছে, যাদেরকে নিয়ে ক্যাম্পে অনুশীলন করাচ্ছি। আসলে বিচ কাবাডিতে যাবে ছয়জন, খেলবে চারজন। তাই হয়তো এখানে কেউ কেউ বাদ পড়েছেন।’

তবে কাবাডি সংগঠক দেলোয়ার হোসাইনের কথা, ‘যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তারকা খেলোয়াড়দের ক্যাম্পে ডাকা হয়নি, তা প্রশ্নবিদ্ধ। কাবাডি কারও ব্যক্তিগত সম্পদ নয়। কাবাডিকে এগিয়ে নিতে হলে যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন করতে হবে। বাছাই পর্ব ছাড়া সরাসরি খেলোয়াড় নিয়ে দল গঠন করলে সেখানে প্রশ্ন উঠবেই।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর