[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী বিশ্বকাপ কাবাডি

বাংলাদেশের শুভ সূচণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

নারী কাবাডি বিশ্বকাপে শুভ সূচণা করেছে স্বাগতিক বাংলাদেশ। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা দুটি লোনাসহ ৪২-২২ পয়েন্টে হারিয়েছে আফ্রিকার উগান্ডাকে।

প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৪-১২ পয়েন্টে। এর আগে বিশ্বকাপ কাবাডির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভূঁইয়া। যদিও প্রথমার্ধে ভালোই লড়াই করেছে উগান্ডা। শুরুতে বাংলাদেশের মেয়েদের একটু রক্ষণাত্মক মনে হয়েছে। তবে পুরো ম্যাচেই স্মৃতি আক্তার ছিলেন ব্যতিক্রম। মূলত ডিফেন্ডার হলেও গুরুত্বপূর্ণ সময়ে রেইডে গিয়ে পয়েন্ট তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।


উগান্ডা প্রথমবারের মতো এসেছে বিশ্বকাপের বড় মঞ্চে। শারীরিক দিক দিয়ে তারা এগিয়েছিল স্বাগতিকদের চেয়ে। অভিজ্ঞতা ও ট্যাকটিকসে এগিয়ে ছিল বাংলাদেশ। তারপরও প্রথমার্ধে উগান্ডাকে খুব বেশি পিছিয়ে রাখা যায়নি। প্রথমার্ধে বাংলাদেশ মাত্র দুই পয়েন্টে (১৪-১২ পয়েন্টে) এগিয়ে ছিল। বিরতির পরও উগান্ডা বেশ কিছুক্ষণ ছিল খেলায়। একটা সময় তো বাংলাদেশের অর্ধ্বে ছিলেন কেবল স্মৃতি আক্তার। পয়েন্টেও ছিল সমতা। পরে আফ্রিকান প্রতিনিধি উগান্ডা এগিয়েও গিয়েছিল।

তবে ডু অর ডাই রেইডে দুইজনকে ঘায়েল করে স্মৃতি দারুণভাবে দলকে ম্যাচে ফেরান। এরপর আর থামানো যায়নি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে দুই বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় ৪২-২২ পয়েন্টে। অর্থাৎ দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যেখানে ২৮ পয়েন্ট তুলেছে, সেখানে উগান্ডা তুলতে পারে মাত্র ১০ পয়েন্ট। আগামীকাল বিকাল পাঁচটায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে জার্মানির। বুধবার উগান্ডা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে থাইল্যান্ডের সঙ্গে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর