[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী কাবাডি বিশ্বকাপে সেরা ডিফেন্ডার বাংলাদেশের স্মৃতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ২২:১১ পিএম

ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামল নারী কাবাডি বিশ্বকাপের। সোমবার (২৪ নভেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় আসরের ফাইনালে চাইনিজ তাইপেকে ৩৫-২৮ পয়েন্টে হারিয়ে টানা দুবার শ্রেষ্ঠত্ব ধরে রাখল তারা।

এর আগে, প্রথম সেমিফাইনালে ২৫-১৮ পয়েন্টে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন চাইনিজ তাইপের কাছে হেরে স্বাগতিক বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে। ২০১২ সালে পাটনায় অনুষ্ঠিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ।

এবারের টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার মনোনীত হয়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। পুরো দলের সাফল্য, সাথে ব্যক্তিগত এই অর্জন, সব মিলিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। স্মৃতি বলেছেন, ‘এখানে বলার ভাষা নেই কেমন লাগছে। অনেক খুশি লাগছে দেশের মাটিতে এতো বড় অর্জন পেয়েছি। আমরা দেশকে পদক দিতে পেরেছি এর চেয়ে বড় খুশি আর কোথাও নেই। আলহামদুলিল্লাহ। পরের লক্ষ্য এর চেয়ে ভালো কিছু করা। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন ফাইট দেবো পরের বিশ্বকাপে।'

তিনি আরও বলেন, 'ভারত, চাইনিজ তাইপেসহ অন্যদের সাথে পার্থক্য হলো মূলত টেকনিক, ফিজিকাল ও ফিটনেসে। ওরা যেভাবে সহজেই কাজগুলো করে, আমাদের মধ্যে এসবের ঘাটতি আছে। ফিজিকাল ফিটনেসে ঘাটতি আছে। এগুলো যদি ঠিক করতে পারি তাহলে আমরা জিততে পারবো। আমরা এই টুর্নামেন্টের জন্য ৯ মাসের মতো ক্যাম্প করেছি। সেই তুলনায় অনেক ভালো করেছি। ইরানে গিয়েও ভালো করেছি। নেপালে টেস্ট ম্যাচ খেলে ভালো করেছি। সেই কারণে চাইনিজ তাইপের বিপক্ষে লড়াই করতে পেরেছি।’

টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় হয়েছেন ভারতের সাঞ্জু দেবী। পুরো টুর্নামেন্ট জুড়েই তার কৌশল সকলের নজর কেড়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ম্যাচের জন্য আমরা ১৩ বছর অপেক্ষা করেছি। অবশেষে আমরা ম্যাচ জিতেছি। আমরা গর্বিত খেলোয়াড়দের নিয়ে, কোচ ও ফেডারেশন নিয়েও। আমরা এক সঙ্গে খেলেছি, এক সঙ্গে জিতেছি। আমার কাছে মনে হয়েছে আমি একা নই, পুরো দল খেলেছে। তাই আমি সেরা হয়েছি। আমি এমন পুরস্কার পাবো তা আগে চিন্তা করিনি। ফাইনাল কঠিন ছিল। তবে আমাদের দল উতরে গেছে। দলের প্রধান শক্তি হলো একতা।’

২য় নারী কাবাডি বিশ্বকাপের পুরস্কারের তালিকা :

চ্যাম্পিয়ন : ভারত (স্বর্ণপদক)
রানার্স-আপ : চাইনিজ তাইপে (রৌপ্যপদক)
তৃতীয় স্থান : বাংলাদেশ (ব্রোঞ্জপদক)
চতুর্থ স্থান : ইরান (ব্রোঞ্জপদক)
টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার : স্মৃতি আক্তার (বাংলাদেশ)
টুর্নামেন্টের সেরা রেইডার : মিম লিন (চাইনিজ তাইপে)
টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় : সাঞ্জু দেবী (ভারত)

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর