স্বাধীনতা দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা প্রশাসন
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বালক ও বালিকাদের প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ম্যাচে বালকদের চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন একাদশ।
ফাইনাল খেলায় বালকদের জেলা প্রশাসন একাদশ ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন একাদশ মুখোমুখি হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২৬-১৯ পয়েন্টে জয়লাভ করে জেলা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের অনুষ্ঠিত ম্যাচটি ১৮-১৮ পয়েন্টে অমীমাংসিত (ড্র) হয়।
বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (এমপি)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘হাডুডু জাতীয় খেলা। কিন্তু আমরা দেখে থাকি, অন্য খেলার প্রতি আগ্রহ বেশি আমাদের। আমাদের উচিত কাবাডির প্রতি নজর দেওয়া।’ তিনি যোগ করেন, ‘১৯৫২, ১৯৭১ ও ২০২৪ এ যারা শহিদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি।’ সাংসদ আরও বলেন, ‘ডিসি মহোদয় একজন হাডুডু খেলোয়াড় ছিলেন। তিনি বলেছেন, রক্তের বিনিময়েও আমরা খেলেছি। আমিও একজন খেলোয়াড় ছিলাম।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা মনে করে তিনি বলেন, ‘ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী বলেছেন, প্রথম থেকে চতুর্থ শ্রেনী পর্যন্ত খেলাধূলাকে বাধ্যতামূলক করা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তকে গুরুত্ব সহকারে সাধুবাদ জানাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার। খেলার সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। কাবাডি শুধু বিনোদন নয়, শৃঙ্খলা, সাহস ও দলগত চেতনার অনন্য শিক্ষাও দেয়। জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে তিনি জানান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে, ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে বালকদের দুটি ও বালিকাদের দুটি দল অংশগ্রহণ করে। নির্ধারিত ৪০ মিনিটের খেলাটি উপভোগ করতে সার্কিট হাউস মাঠে দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল আমিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশিদ, ময়মনসিংহ কাবাডি একাডেমির পরিচালক এম এ কাউছার ও অনিক হাসান
উভয় দলের কোচ, খেলোয়াড়, ম্যানেজার, ক্রীড়ামোদী দর্শক ও গণমাধ্যমকর্মীরা।
আয়োজকরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে তারা গর্বিত। জাতীয় খেলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: