[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

গাজীপুরে আনসারের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ১৯:০৬ পিএম

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অসামান্য সাফল্য অর্জনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতি খেলোয়াড়দের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা জানানো হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ বাহিনীর খেলোয়াড়রা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য গৌরব বয়ে আনছেন এবং জাতীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক কৃতি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের সাফল্য দেশের তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করবে। সরকার ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, কোচ ও বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের অর্জনের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর