[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সেনাবাহিনীর টাকায় সংসার চালান সোনাজয়ী হার্ডলার রোকসানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

ক্যারিয়ারের দ্বিতীয় স্বর্ণপদক জিতে উচ্ছ্বসিত সেনাবাহিনীর হার্ডলার রোকসানা বেগম। আজ শনিবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার হার্ডলসে ১৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন তিনি। ট্র্যাকের হার্ডলসের বাধার মতো জীবনে অনেক বাধা পেরিয়ে আসতে হয়েছে নোয়াখালীর মেয়ে রোকসানাকে।

 

 

কোচ রফিকউল্লাহ মিলনের কাছেই অ্যাথলেটিক্সে হাতেখড়ি তার। তবে শুরুতে লংজাম্পে খেললেও পরে কোচের কথায় চলে আসেন হার্ডলসে। তার কথা, ‘রফিক স্যার বলেছিলেন, লংজাম্প নয় তুই হার্ডলস কর। কারণ এখানে ফাকা রয়েছে।’ বাধার সৃষ্টি এরপরেই। নোয়াখালীতে অ্যাথলেটিক্স শিখে বাড়ি ফিরতে কখনো সখনো সন্ধ্যা নেমে আসতো। ঠিক তখনি আশাপাশের লোকজন নানা কথা বলত।

 

রোকসানা বলেন, ‘মানুষদের অনেক কথা সইতে হয়েছে আমাকে। অ্যাথলেটিক্স খেলতে খেলতে সন্ধ্যা হলে মা-বাবাকে অনেক কথা শুনতে হতো।’ বাবা মাইক্রোবাস চালিয়ে সংসার চালাতেন। এখন অবশ্য কাজ করতে পারেন না। সংসারে তিন বোন ও এক ভাই। রোকসানা মেঝ। সবার বড় বোনের বিয়ে হয়ে গেছে। ছোট ভাই এখনো পড়াশোনা করে। সংসারের খরচ বাবা এখন আর করতে পারেন না। তাই সেনাবাহিনীর চাকরি করে যে বেতন পান, তাই দিয়েই সংসারে সহযোগিতা করেন।’

 

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথমবার স্বর্ণপদক জিতেছিলেণ রোকসানা। না খেললে কি করতেন? আচমকা এমন প্রশ্নের মুখোমুখি হলেও ঘাবড়ে যাননি সেনাবাহিনীর এই হার্ডলার। তার সোজাসাপ্টা উত্তর, ‘না খেললে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিত। এটাই গ্রামের নিয়ম।’ এসএ গেমসে পদক জেতাই লক্ষ্য রোকসানার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর