[email protected] রবিবার, ২৬শে জুলাই ২০২৬
১০ই শ্রাবণ ১৪৩৩

অ্যাথলেটিক্সের হারানো গৌরব ফেরাতে ৯ উপ-কমিটি, বিদেশি কোচ নিয়োগের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ২২:০৭ পিএম

বাংলাদেশের অ্যাথলেটিক্সে নতুন গতি সঞ্চার এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য ফেরাতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটি। অ্যাথলেটদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, আবাসন ও জিম সুবিধা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানের বিদেশি কোচ নিয়োগ এবং ৯টি বিশেষায়িত উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামস্থ ফেডারেশন সম্মেলন কক্ষে নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ্ জাবেরের সভাপতিত্বে সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় শুরুতেই মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের অ্যাথলেটিক্সে অবদান রাখা প্রয়াত সংগঠক, অ্যাথলেট, প্রশিক্ষক ও বিচারকদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে ৯টি বিশেষায়িত উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো—অর্থ, লিয়াজো ও স্পন্সর, ট্রেনিং অ্যান্ড সিলেকশন, মিডিয়া, ক্যালেন্ডার, মূল্যায়ন, ক্রয়-দরপত্র আহ্বান ও মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ট্যালেন্ট হান্ট অ্যান্ড ডেভেলপমেন্ট উপ-কমিটি। প্রতিটি উপ-কমিটির আহ্বায়ক হিসেবে একজন করে সহসভাপতি দায়িত্ব পালন করবেন। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে এসব উপ-কমিটি চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।

আসন্ন ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার তারিখও পরিবর্তন করা হয়েছে। এশিয়ান গেমসের সঙ্গে সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে আগামী ১৫, ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতাটি আয়োজন করা হবে। প্রতিযোগিতায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তও হয়েছে।

আসন্ন সাফ গেমসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১০০, ২০০, ৪০০ মিটার, ৪×১০০ ও ৪×৪০০ মিটার রিলে, হার্ডলস, লং জাম্প ও হাই জাম্প ইভেন্টকে টার্গেট করে অ্যাথলেট বাছাই এবং দীর্ঘমেয়াদি জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণরত অ্যাথলেটদের আবাসন ও জিমনেসিয়াম সুবিধা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

অ্যাথলেটদের পারফরম্যান্স আন্তর্জাতিক মানে উন্নীত করতে দক্ষ বিদেশি কোচ নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে। এশিয়ার চীন, মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কার প্রশিক্ষণব্যবস্থা পর্যবেক্ষণ করে উপযুক্ত কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এ ছাড়া সামার অ্যাথলেটিক্স ও সাফ গেমসের প্রস্তুতির জন্য বড় করপোরেট স্পন্সর নিশ্চিত এবং নির্দিষ্ট ইভেন্টভিত্তিক প্রতিভাবান অ্যাথলেটদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ্ জাবের বলেন, বাংলাদেশের অ্যাথলেটিক্সকে নতুন উচ্চতায় নিতে এবং হারানো গৌরব পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও সমন্বয়ের মাধ্যমে দেশের অ্যাথলেটদের আন্তর্জাতিক অঙ্গনে সফল দেখতে চান বলেও জানান তিনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর