[email protected] রবিবার, ২৬শে জুলাই ২০২৬
১০ই শ্রাবণ ১৪৩৩

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬

দুই যুগের আক্ষেপ ঘোচানোর স্বপ্ন কোচ টমাস ডুলির চোখে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ২২:০৭ পিএম

দীর্ঘ প্রায় দুই যুগের শিরোপা-খরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি। শনিবার ঢাকার শেরাটন হোটেলে ‘সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর অফিসিয়াল লোগো উন্মোচন অনুষ্ঠানে নিজেদের লক্ষ্যের কথা জানান জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই কোচ।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। অনুষ্ঠানে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর নামও ঘোষণা করা হয়। এ সময় সাফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও টেকনোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০০৩ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার বিদায়ের পর দায়িত্ব নেওয়া টমাস ডুলির অধীনেই প্রথমবারের মতো সাফ মিশনে নামবে বাংলাদেশ। শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করে ডুলি বলেন, প্রতিপক্ষ যে দলই হোক, তিনি প্রতিটি ম্যাচ জিততে চান। সাফ জয়ের স্বপ্ন পূরণের এখনই সময় বলেও মন্তব্য করেন তিনি।

কোচের আত্মবিশ্বাসে অনুপ্রাণিত দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। তাঁর মতে, ২৩ বছরের অপেক্ষা এবার ঘোচানোর বড় সুযোগ এসেছে। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনও ঘরের মাঠের দর্শকদের সমর্থনকে বাড়তি শক্তি হিসেবে দেখছেন।

নতুন কোচের অধীনে ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে দীর্ঘ শিরোপা-খরা কাটাতে মরিয়া বাংলাদেশ। ফলে নভেম্বরে ঢাকার মাঠে নতুন এক বাংলাদেশের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর