[email protected] রবিবার, ২৬শে জুলাই ২০২৬
১০ই শ্রাবণ ১৪৩৩

ঢাকায় শুরু হলো বধির ফুটবল প্রতিযোগিতা-২০২৬

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ১০:০৭ এএম

বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে বধির ফুটবল প্রতিযোগিতা-২০২৬। ২৩ জুলাই রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতাটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দেলোয়ারজান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. কায়সার পারভেজ ও মিসেস লিমিয়া দেওয়ান, সহ-সভাপতি, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন।

এ ছাড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির চেয়ারম্যান ফজলে এলাহী খানসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রাও উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে ঢাকা বধির সংঘ ও ঢাকা সরকারি বধির হাই-স্কুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ঢাকা বধির সংঘ ৩-০ গোলে ঢাকা সরকারি বধির হাই-স্কুলকে পরাজিত করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। উদ্বোধন ঘোষণা করেন ফেডারেশনের সাবেক সভাপতি জাকির হোসেন খান।

প্রতিযোগিতার মাধ্যমে দেশের বধির খেলোয়াড়দের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের আয়োজনে এ ধরনের প্রতিযোগিতা দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের খেলাধুলায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন আয়োজকরা।

 
 
 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর