[email protected] রবিবার, ২৬শে জুলাই ২০২৬
১০ই শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগ, ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তে নেই আইওসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সংস্থাটির দাবি, অভিযোগটি তাদের নৈতিকতা কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না।

মানবাধিকারবিষয়ক প্রচার সংস্থা ফেয়ারস্কয়ার আইওসির কাছে অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন।

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, তিনি ইনফান্তিনোকে ফোন করে বালোগুনের লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। পরে বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হয়। তবে সিদ্ধান্তটির নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

আইওসি জানিয়েছে, অভিযোগটি মূলত আন্তর্জাতিক ফেডারেশনের নিজস্ব পরিচালনা, ব্যবস্থাপনা, সরকারের সঙ্গে সম্পর্ক এবং খেলাধুলার নিয়ম বাস্তবায়নসংক্রান্ত। এসব বিষয় আইওসি নৈতিকতা বিধির আওতাভুক্ত নয়।

২০২০ সাল থেকে আইওসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। তবে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত না করার সিদ্ধান্তের মধ্যেই নতুন করে ফিফার নৈতিকতা কমিটির দিকে নজর পড়েছে।

বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করার বিষয়টি বিবেচনা করছে নরওয়ে ফুটবল ফেডারেশন। সংস্থাটির সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, এ ঘটনায় তারা ‘তীব্র উদ্বেগ’ প্রকাশ করেছেন। আগামী বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর