বিশ্ব সিনিয়র ব্যাডমিন্টনে বাংলাদেশের রাসেল কবির সুমন
বিশ্ব সিনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলতে থাইল্যান্ডে যাচ্ছেন রাসেল কবির ও কোচ রাইসুল আলম। ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পাতায়ায় অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টনের বিশ্ব সিনিয়র চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে এই দু’জন লাল সবুজের পতাকা নিয়ে মার্চপাস্টে অংশ নেবেন।
ইতোমধ্যে সরকারী আদেশ (জিও) নিয়েছেন সাবেক এই দুই ব্যাডমিন্টন খেলোয়াড়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কাবিরুল ইসলামের সইকরা অনুমতির সেই আদেশ গত ১১ আগস্ট জারি করে মন্ত্রণালয়। রাসেল কবির ফেডারেশনের সাধারন সম্পাদক এবং রাইসুল আলম সদস্য। এর আগেও রাসেল কবির চেন্নাইয়ে অনুষ্ঠিত বিশ্ব সিনিয়র চ্যাম্পিয়নশিপে খেলেছেন। এবার জিও নিয়ে যাচ্ছেন।
.jpeg)
এ বিষয়ে তার কথা, ‘সাধারনত বিশ্ব সিনিয়রে খেলার জন্য জিও’র প্রয়োজন হয় না। তবে যেহেতু আমরা লাল সবুজের পতাকা নিয়ে মার্চপাস্টে অংশ নেবো, তাই সরকারের অনুমতি প্রয়োজন। সেজন্যই জিও করতে হয়েছে।’ বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) ও সাবেক স্বর্ণজয়ী ভারোত্তোলক শাহরিয়া সুলতানা বলেন, ‘মাস্টার্স টুর্নামেন্টে খেলতে গেলে সাধারনত জিও প্রয়োজন হয় না। তবে লাল সবুজের জার্সি এবং বাংলাদেশের পতাকা নিয়ে মার্চপাস্টে থাকতে হলে অবশ্যই সরকারের অনুমতি প্রয়োজন।’
সর্বশেষ ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার ইয়েনজুতে হয়েছিল এই টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ থেকে অংশ নেওয়ার কোনো তথ্য ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনের ওয়েবসাইটে পাওয়া যায়নি। তবে রাসেল কবির ও সাবেক সাধারন সম্পাদক কবিরুল ইসলাম শিকদারও ২০১৭ সালে ভারতের ওই টুর্নামেন্টে খেলেছিলেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: