[email protected] বৃহঃস্পতিবার, ১১ই জুন ২০২৬
২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ক’ওয়েলথ গেমসে যাচ্ছেন কারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ জুন ২০২৬ ১৯:০৬ পিএম

একদা ব্রিটিশ কলোনীতে অন্তর্ভূক্ত ছিল, এমন দেশগুলোর অংশগ্রহনেই চার বছর পর অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেমস। এবারের আসর বসবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। বাংলাদেশ চারটি ডিসিপ্লিনে অংশ নেবে। এগুলো হলো- অ্যাথলেটিকস, সুইমিং, বক্সিং ও জিমন্যাস্টিকস। চার ডিসিপ্লিনেরই ক্রীড়াবিদ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

কমনওয়েলথ গেমসের জন্য ইতোমধ্যে তিনজন বক্সার চূড়ান্ত হয়েছেন। এরা হলেন- জিনাত ফেরদৌস, রুহিন রেজা ও রাকিব হোসেন। বুধবার বক্সিংয়েল ট্রায়াল অনুষ্ঠিত হয়। সেখানে মেয়েদের ৫১ কজিতে সেনাবাহিনীর কায়মা খাতুনের সঙ্গে লড়াইয়ে কোনও রকমে পাশ করে কমনওয়েলথের টিকিট পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বসে এই ট্রায়াল পর্যবেক্ষন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ। জিনাত ফেরদৌসের সঙ্গে দুজন পুরুষ বক্সারও যাচ্ছেন গ্লাসগোতে। ৫৫ কেজিতে রাকিব হোসেন এবং ৬০ কেজি ওজনশ্রেণীতে লড়বেন রুহিন রেজা। দুজনেই সেনাবাহিনীর বক্সার।

অ্যাথলেটিকস ডিসিপ্লিনের পাঁচটি ইভেন্টে লড়বেন লাল সবুজের পাঁচ অ্যাথলেট। ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব নৌবাহিনীর ইমরানুর রহমান ও মানবী একই সংস্থার শিরিন আক্তার, ৪০০ মিটার স্প্রিন্টে সেনাবাহিনীর লুশাদ ইসলাম, ৪০০ মিটার স্প্রিন্ট সেনাবাহিনীর নাজিমুল ইসলাম এবং মেয়েদের লংজাম্পে নৌবাহিনীর স্বপ্না খাতুন। ফেডারেশনের সাধারন সম্পাদক মো. শাহ আলম বলেন, ‘আমরা পাঁচ ইভেন্ট নির্বাচিত করেছি। জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরারাই যাবে। তারপরও আমরা শুক্রবার বিকাল চারটায় শেষ সভায় বসছি।’

এদিকে সুইমিং ডিসিপ্লিনে যাবেন চার সাঁতারু। এরা হলেন- নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি, একই সংস্থার কাজল মিয়া, সেনাবাহিনীর সুকুমার রাজবংশী ও নৌবাহিনীর সোনিয়া আক্তার।

অন্যদিকে কমনওয়েলথ গেমসের জন্য সেরা আটজনের একটি দীর্ঘ তালিকা তৈরী করেছে জিমন্যাস্টিকস ফেডারেশন। দুয়েকদিনের মধ্যে এই তালিকা থেকে তিনজন জিমন্যাস্টকে নির্বাচিত করা হবে গেমসের জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান জামিল। ২৩ জুলাই থেকে ২ আগষ্ট গ্লাসগেতে বসছে এবারের আসর।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর