[email protected] বৃহঃস্পতিবার, ১১ই জুন ২০২৬
২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল, ছাড় পাননি নেইমাররাও!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ জুন ২০২৬ ১১:০৬ এএম

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে আয়োজক যুক্তরাষ্ট্রে পৌঁছেই কঠোর নিরাপত্তা তল্লাশির মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। সেলেসাওদের পুরো বহরকে দীর্ঘ সময় ধরে অভিবাসন ও নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।

ব্রাজিলিয়ান শীর্ষ সংবাদমাধ্যম ‘জার্নাল ও গ্লোবো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবতরণের পর ব্রাজিল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সহায়ক কর্মী—কাউকেই কোনো বিশেষ ছাড় দেওয়া হয়নি। নেইমার জুনিয়রদের মতো বিশ্বখ্যাত তারকা ফুটবলারদেরও সাধারণ যাত্রীদের মতোই কঠোর নিরাপত্তা পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে।

নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে ব্রাজিলের পুরো স্কোয়াডকে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হয়। খেলোয়াড়দের লাগেজ, ব্যক্তিগত ব্যাগ ও অন্যান্য সামগ্রী বিস্তারিতভাবে স্ক্যান করা হয়। এমনকি খেলোয়াড়দের জুতা খুলেও তল্লাশি চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই দীর্ঘ ও কঠোর প্রক্রিয়ার কারণে বিমানবন্দরে বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ব্রাজিল দলকে। বিষয়টি খেলোয়াড়দের জন্য কিছুটা ক্লান্তিকর ও অস্বস্তিকর হলেও, আয়োজক দেশের কড়া নিরাপত্তা বিধির কারণে তারা সমস্ত নিয়ম মেনেই প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র এবার নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শুধুমাত্র ব্রাজিল নয়, বিশ্বকাপে অংশ নিতে আসা বিভিন্ন দেশের দল ও কর্মকর্তাদের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি এবং জিরো-টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানা গেছে।

সব বাঁধা পেরিয়ে মাঠে নামতে প্রস্তুত সেলেসাওরা। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দল আগামী ১৪ জুন (বাংলাদেশ সময়) মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর