যুব ও ক্রীড়া খাতে বাজেট বৃদ্ধি, বরাদ্দ ২ হাজার ৫৮৬ কোটি টাকা
যুব উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ, প্রতিভাবান খেলোয়াড় তৈরির উদ্যোগ এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুকূলে ২ হাজার ৫৮৬ কোটি ৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধরী এ প্রস্তাব ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটের মধ্যে উন্নয়ন খাতে ১ হাজার ৫৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং পরিচালন খাতে ১ হাজার ৮ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মন্ত্রণালয়ের মোট বরাদ্দ ছিল ১ হাজার ৮০৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। সে তুলনায় এবার বাজেট বেড়েছে ৭৮২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা।
বাজেট বক্তৃতায় যুব ও ক্রীড়া খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরা হয়। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। এছাড়া দেশের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১০টি জেলার স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়ার অবস্থান আরও শক্তিশালী করতে ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ জোরদারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে চালু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কর্মসূচিতে সারা দেশ থেকে ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন কিশোর-কিশোরী নিবন্ধন করেছে। কর্মসূচির বাস্তবায়নে আগামী অর্থবছরে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: