কমনওয়েলথ গেমসের আসর শুরুর আগেই পদক নিশ্চিত ভারতের
কমনওয়েলথ গেমসের উদ্বোধনী লড়াই শুরু হয়েছে আজ ভোরে। অথচ তার আগেই ভারতের পদকযাত্রার খাতা খুলে গেছে। রিংয়ে একবারও না নেমেই দেশের জন্য অন্তত একটি পদক নিশ্চিত করেছেন অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাঁই।
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য এবারের কমনওয়েলথ গেমসে নারীদের ৭৫ কেজি ওজন শ্রেণিতে তৈরি হয়েছে অদ্ভুত এক সমীকরণ। এই বিভাগে কোয়ার্টার ফাইনালের ড্র থাকলেও নির্ধারিত আটজনের পরিবর্তে অংশ নিচ্ছেন মাত্র পাঁচজন বক্সার। শেষ মুহূর্তে তিন প্রতিযোগী নাম প্রত্যাহার করে নেওয়ায় লভলিনাসহ তিনজন সরাসরি সেমিফাইনালে জায়গা পেয়েছেন।
বক্সিংয়ের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে ওঠা চার বক্সারের প্রত্যেকেরই অন্তত একটি পদক নিশ্চিত হয়। দুই ফাইনালিস্ট লড়াই করেন স্বর্ণ ও রুপার জন্য, আর সেমিফাইনালে হেরে যাওয়া দুই বক্সার পান ব্রোঞ্জ। সেই হিসাবেই, রিংয়ে নামার আগেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে ভারতের।
তবে লভলিনার লক্ষ্য কেবল ব্রোঞ্জে থেমে থাকা নয়। সেমিফাইনালে তার প্রতিপক্ষ টুভালুর তাফাকি। সেই লড়াইয়ে জয় পেলে অন্তত রুপা নিশ্চিত করবেন তিনি। আর ফাইনালে জিততে পারলে গলায় উঠবে স্বর্ণপদক।
এবারের কমনওয়েলথ গেমস বসছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। ৭৪টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এই আসরে। ১০টি ডিসিপ্লিনে মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য লড়াই করবেন প্রতিযোগীরা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: