ইউরোপের ৬ শহরে হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, মালিকানায় গেইল
ইউরোপের প্রথম আইসিসি অনুমোদিত টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)-এর মালিকানা গোষ্ঠীতে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। খবর ক্রিকবাজের।
লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্লাসগোভিত্তিক ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ানসের সহ-মালিক হিসেবে থাকছেন তিনি, যেখানে তার সঙ্গে রয়েছে মুগাফি গ্রুপ। দলটির মূল মালিক তানশা বাত্রা। এছাড়া, গেইল ইটিপিএলের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করবেন। খবর ক্রিকবাজের।
গেইল বলেন, ‘গ্লাসগো মুগাফিয়ান্সের সহ-মালিক হিসেবে যুক্ত হওয়া আমার জন্য এক নতুন অধ্যায়। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত, ইটিপিএল বিশেষ কিছু হতে যাচ্ছে। ইউরোপ ক্রিকেটের শেষ সীমান্ত, এখানে বিপুল সম্ভাবনা রয়েছে। এই লিগ স্থানীয় প্রতিভা তুলে আনবে এবং ভবিষ্যতের তারকা তৈরি করবে।’
ইটিপিএলের উদ্বোধনী আসর আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে গ্লাসগো, আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম; এই ছয়টি শহরের দল অংশ নেবে। মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইটিপিএলের সহ-মালিক অভিষেক বচ্চন বলেন, ‘মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে এই যাত্রায় স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ইউরোপ ক্রিকেটের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল। ইটিপিএলের মাধ্যমে আমরা শুধু একটি লিগ নয়, বরং একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছি, যা নতুন প্রতিভা আবিষ্কার করবে এবং ইউরোপকে বৈশ্বিক ক্রিকেটে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।’
ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকজন খ্যাতিমান ক্রিকেটার ও ক্রীড়া ব্যক্তিত্ব ইটিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছেন স্টিভ ওয়াহ ও জেমি ডয়ার, আর দলের অধিনায়ক মিচেল মার্শ। বেলফাস্ট দলের সহ-মালিক গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবার্গ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত আছেন কাইল মিলস ও নাথান ম্যাককালাম, এবং দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: