[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দর্শকদের স্বস্তিতে নতুন উদ্যোগ তামিমের, গ্যালারিতে বসানো হচ্ছে বড় ফ্যান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ০৯:০৪ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের স্বস্তি বাড়াতে নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্যালারির শেড অংশে পরীক্ষামূলকভাবে বড় পাখাযুক্ত ফ্যান বসানোর কাজ শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওসহ পোস্ট দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। সেখানে তিনি জানান, আপাতত পরীক্ষামূলকভাবে এই ফ্যান বসানো হচ্ছে। মূল লক্ষ্য—গ্যালারির শেডগুলো ফ্যানের ওজন ও কাঠামো ধারণ করতে পারে কিনা এবং ফ্যান বসানোর পর তা কতটা কার্যকর হয়, সেটি যাচাই করা।

তামিম লেখেন, ‘এটা একদমই পরীক্ষামূলক ব্যবস্থা। শেডগুলো এই ফ্যানকে ধারণ করতে পারবে কিনা, ফ্যান বসালেও কতটা কার্যকর হয়; এসব আমরা পরীক্ষা করে দেখব।’

তিনি আরও জানান, পরীক্ষায় ইতিবাচক ফল মিললে মিরপুর স্টেডিয়ামের ছাউনিযুক্ত গ্যালারির অংশগুলোতে স্থায়ীভাবে এই ফ্যান বসানো হবে। ভবিষ্যতে দেশের অন্যান্য ভেন্যুতেও এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের আবহাওয়ায় বিশেষ করে গরম ও আর্দ্রতার কারণে মাঠে বসে খেলা উপভোগ করা অনেক সময় দর্শকদের জন্য কষ্টকর হয়ে ওঠে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই উদ্যোগ বলে জানিয়েছেন তামিম।

তিনি বলেন, ‘এতে হয়তো খুব বড় পরিবর্তন আসবে না, তবে দর্শকদের কষ্ট সামান্য কমাতে পারাটাও আমাদের জন্য বড় প্রাপ্তি। মাঠে দর্শকদের অভিজ্ঞতা সুন্দর করে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

ক্রিকেটপ্রেমীদের জন্য স্টেডিয়াম অভিজ্ঞতা আরও আরামদায়ক করতে তামিম ও বিসিবির এই ছোট উদ্যোগ কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর