[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৩ পেসারের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ১৭:০৪ পিএম

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর র‌্যাঙ্কিংয়েও তার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে পেস বোলাররা।

সিরিজজুড়ে দাপট দেখিয়ে পেসার শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা মিলে নিয়েছেন মোট ১৮ উইকেট। ফলে ওয়ানডে বোলারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড় উত্থান ঘটেছে তাদের। শরিফুল ১১ ধাপ এগিয়ে ২৮তম, মোস্তাফিজ ১৪ ধাপ এগিয়ে ৪১তম এবং সিরিজসেরা নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও একই চিত্র দেখা গেছে। সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম এবং লিটন দাস ১৫ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উঠে এসেছেন।

অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে অপরাজিত ২২ রান এবং দুই উইকেট নেওয়ায় ২৮ বছর বয়সী এই ক্রিকেটার এক ধাপ এগিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠেছেন।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পর হালনাগাদ র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয় সিরিজের প্রথম ম্যাচে ম্যাচসেরা পারফরম্যান্সে একটি চমৎকার অর্ধশতক উপহার দেন। তার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনি ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠেছেন। সতীর্থ পারভেজ হোসেন ইমনও তিন ধাপ এগিয়ে যৌথভাবে ৪০তম স্থানে উঠে এসেছেন।

টি-টোয়েন্টির বোলারদের তালিকায় উন্নতি হয়েছে অফস্পিনার মেহেদী হাসানেরও। ৩ ধাপ এগিয়ে যৌথভাবে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর