[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ফ্র্যাঞ্চাইজি লিগের দল কিনলেন ডু প্লেসি-ক্লাসেন-রোডস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ মে ২০২৬ ০৮:০৫ এএম

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম আসর শুরু হওয়ার আগেই ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। টুর্নামেন্ট শুরুর আগেই একের পর এক বিশ্ব তারকা ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে যুক্ত হওয়ায় প্রতিযোগিতার গুরুত্ব আরও বেড়ে গেছে।

সর্বশেষ আলোচনায় এসেছে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার—ফাফ ডু প্লেসি, হেনরিখ ক্লাসেন এবং জন্টি রোডস। তারা যৌথভাবে ‘রটারডাম ডকার্স’ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছেন। একই সঙ্গে ফাফ ডু প্লেসি দলটির মাঠের নেতৃত্বও দেবেন।

আগামী ২৬ আগস্ট থেকে শুরু হবে ইটিপিএলের প্রথম আসর। ইউরোপের ছয়টি শহর—গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডামে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ডু প্লেসি বলেন, এই নতুন দায়িত্ব তার কাছে এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে এবং তিনি ক্লাসেনের সঙ্গে মিলে এই নতুন যাত্রা নিয়ে বেশ উচ্ছ্বসিত। তার মতে, বিশ্বে অনেক টি-টোয়েন্টি লিগ থাকলেও ইটিপিএলের সম্ভাবনা আলাদা।

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এই লিগের সহপ্রতিষ্ঠাতাদের একজন। ইতোমধ্যে ছয়টির মধ্যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয়ে গেছে, যেখানে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটার ও ক্রীড়া ব্যক্তিত্বরা যুক্ত হয়েছেন।

আইপিএলের তুলনায় ইটিপিএল এখনও নতুন হলেও ডু প্লেসি মনে করেন, আর্থিক দিক থেকে আইপিএল সবচেয়ে শক্তিশালী, তবে ইউরোপের এই লিগও ভবিষ্যতে বৈশ্বিক ক্রিকেটে বড় প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সরাসরি ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে যুক্ত হওয়া টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক দিগন্ত খুলে দিতে পারে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর