ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হয়েছে দেশের স্বনামধন্য ইলেকট্রনিক পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।পাওয়ার্ড বাই স্পন্সর বসুন্ধরা সিমেন্ট।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও ঢাকা লিগের আয়োজক সিসিডিএমের চেয়ারম্যান তামিম ইকবাল এই ঘোষণা দেন।
টুর্নামেন্টের অফিসিয়াল নাম, ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট।’
ঢাকা ও আশেপাশের ৬টি মাঠে ১২ দলের অংশগ্রহণে মোট ৬৬ ম্যাচের প্রতিযোগিতা শুরু হবে আগামী ৪ মে।
এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের টানা ১৩ বছর স্পন্সর করেছে ওয়ালটন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটন যুক্ত হওয়ায় ধন্যবাদ জানিয়ে তামিম বলেছেন, ‘ওয়ালটন সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের বড় সমর্থক হিসেবে পাশে থেকেছে।
শুধু ঢাকা প্রিমিয়ার লিগ নয়, এনসিএলসহ ফার্স্ট ক্লাস টুর্নামেন্টগুলোতেও তারা ধারাবাহিকভাবে এগিয়ে এসেছে। তাদের এই অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের মতো স্পন্সর ছাড়া এসব আয়োজন সফলভাবে সম্পন্ন করা অনেক কঠিন হয়ে যায়।’
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেছেন, ‘ওয়ালটন বাংলাদেশের একটা অন্যতম সুপার ব্র্যান্ড এবং আরও খুশির জায়গা যেটা সেটা হল ওয়ালটন এখন ৫৫টার বেশি দেশে তার প্রেজেন্স রাখছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রেস্টিজিয়াস একটি টুর্নামেন্ট।
আমরা গত ১৩ বছর সাকসেসফুলি এটার সাথে পার্টিসিপেট করেছি স্পন্সর হিসেবে। এবার আমরা আবার আছি। এটাকে আমরা ইনভেসমেন্ট হিসেবে দেখছি না। আমরা আমাদের রেসপন্সিবিলিটির পার্ট হিসেবেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে আছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্যা সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা। এরপর ঢাকা লিগের লোগো উন্মোচন করেন অতিথিরা। এরপর লিগে অংশগ্রহণ করা ১২ দলের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: