[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অবসর ভেঙে জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন ক্লাসেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ মে ২০২৬ ০৮:০৫ এএম

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো ইচ্ছা নেই দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হেনরিক ক্লাসেনের। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার জানান, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছি না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে চাই।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০ ইনিংসে ৫৩.১২ গড়, ১৫৬.৮২ স্ট্রাইক রেট এবং ৪ ফিফটিতে ৪২৫ রান করেছেন তিনি। তার এমন ফর্ম দক্ষিণ আফ্রিকা চাইলে কাজে লাগাতে পারে বলে মনে করেন কেভিন পিটারসেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ ইংল্যান্ডের সাবেক ব্যাটার পিটারসেন লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকা এখনও বিশ্বকাপ জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের উচিত ক্লাসেনকে ফোন করে আবার তাকে দলে ফেরানোর চেষ্টা করা। কারণ ২০২৭ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে দলের জন্য বড় ভূমিকা রাখতে পারবে সে।’

পিটারসেনের এমন স্ট্যাটাসের পর মুখ খুলেছেন ক্লাসেন। ভারতীয় সংবাদমাধ্যমকে ক্লাসেন বলেন, ‘দুর্ভাগ্যবশত, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো ইচ্ছে নেই। আমি এখন জীবনের একটা নতুন অধ্যায়ে পা রেখেছি। লক্ষ্য হলো ক্রিকেট খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। রটারডাম দলের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। এ ছাড়া, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই।’

২০২৪ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। দলকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন ক্লাসেন। ফাইনালে হাফ সেঞ্চুরি করলেও দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি। এরপর হঠাৎ করেই ২০২৫ সালের জুনে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ক্লাসেন। জাতীয় দলের জার্সিতে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি।

আইপিএল ছাড়াও মেজর লিগ ক্রিকেট (এমএলসি), ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, ক্যারিবীয়ান ক্রিকেট লিগ (সিপিএল) ও দক্ষিণ আফ্রিকার এসএ টুর্নামেন্টে খেলেছেন ক্লাসেন। সদ্য ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল রটারডাম ফ্র্যাঞ্চাইজির যৌথ মালিক হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন তিনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে, দেশের জার্সিতে আর মাঠে নামবেন না এই ব্যাটার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর