নাহিদ রানার বুদ্ধির ভূয়সী প্রশংসায় ওয়াসিম আকরাম
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সবশেষ মৌসুমসহ দ্বিতীয়বার খেলেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তবে গত মৌসুমে মাত্র এক ম্যাচ খেলেছেন, তাই ছাপও রাখতে পারেননি। এবার নিজের জাত চিনিয়েছেন এই পেসার। পেশোয়ার জালমির হয়ে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন এই তরুণ। ফাইনালে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।
টুর্নামেন্টের পুরোটা সময় অবশ্য পেশোয়ারের হয়ে খেলতে পারেননি নাহিদ। মাঝে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ থাকায় দেশে ফিরতে হয়েছিল তাকে। তবে ফাইনালের আগে বিসিবির সম্মতি সাপেক্ষে ঠিকই তাকে উড়িয়ে নেয় পেশোয়ার। আর নিজের ওপর রাখা আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন তরুণ এই তারকা।
৫ ম্যাচে অংশগ্রহণ করে ৯ উইকেট নিয়েছেন নাহিদ। এই ম্যাচগুলোতে ১৮ ওভার করে মাত্র ৯৮ রান দিয়েছেন তিনি, ইকোনমি মাত্র ৫.৪৪। তাছাড়া গতি দিয়ে তাক লাগিয়েছেন সবার। প্রায় বলই করেছেন ঘণ্টায় ১৫০ কিলোমিটারের আশেপাশে। পাকিস্তান তথা বিশ্বেরই কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম তো ভূয়সী প্রশংসাই করলেন নাহিদ রানার।
ধারাভাষ্যকক্ষে ওয়াসিম আকরাম বলেন, ‘গতি বলতে এটাই বোঝায়। সে তাদের সবাইকে সমস্যায় ফেলেছিল। ঘণ্টায় ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে তার দৌড়ানোর ভঙ্গিটা দারুণ। সহজ অ্যাকশন। মোটেও জটিল নয়। তার সামনে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ।’
শিরোপা জয়ের পর উপস্থাপনার সময় আকরাম নাহিদ রানার বুদ্ধিমত্তার প্রশংসায়ও মশগুল ছিলেন। রোববার রাতে হুনাইন শাহকে ১৪৮ কিলোমিটার গতির একটি ইয়র্কারে বোল্ড করেন নাহিদ। ওই বলের আগে, ফিল্ডারদের হাতের ইশারায় পরিবর্তন করেন তিনি। মনে হচ্ছিল শর্ট লেন্থের বল দিতে পারেন তিনি। অথচ ওই বলটি দিলেন ফুল লেন্থের। এই বিষয়টিই নজর কেড়েছে ওয়াসিম আকরামের। গতির সঙ্গে বুদ্ধির মিশেলে নাহিদ যে ক্রিকেটেরই সম্পদ হয়ে উঠছেন সেটিই যেন স্মরণ করিয়ে দিলেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: