[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্যর্থতায় ঘেরা বুমরাহর এবারের আইপিএল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ মে ২০২৬ ১৭:০৫ পিএম

যে নামটি একসময় নির্ভরতার প্রতীক ছিল, সেই জসপ্রিত বুমরাহ এখন যেন নিজেকেই খুঁজে ফিরছেন। এবারের আইপিএলে তার পারফরম্যান্স ঠিক উল্টো গল্প বলছে—যেখানে ধার, নিয়ন্ত্রণ আর ভয়ঙ্কর নির্ভুলতার বদলে দেখা যাচ্ছে অনিশ্চয়তা আর হতাশা।

সোমবার (৪ মে) লখনৌর বিপক্ষে ম্যাচে বিষয়টি যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। ৪ ওভারে ৪৫ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। এর মধ্যেই টানা দুটি নো বল করেন, যা দেখে বিস্ময় লুকাতে পারেননি কিংবদন্তি সুনীল গাভাস্কার। ধারাভাষ্যে তার প্রতিক্রিয়াই বলে দিচ্ছিল, এমন বুমরাহ কল্পনার বাইরে।

এই মৌসুমে ১০ ম্যাচ খেলে মাত্র ৩টি উইকেট নিতে পেরেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার। বোলিং গড় ১০৯.৬৬, আর ইকোনমি ৮.৮৯—যা তার মানদণ্ডে অস্বাভাবিকভাবে খারাপ। আরও অবাক করার মতো বিষয় হচ্ছে, ইতোমধ্যে চলতি আসরে ৮টি নো বল করেছেন তিনি, যা তার ক্যারিয়ারের সঙ্গে একেবারেই বেমানান।

মৌসুমের শুরুটাও ছিল হতাশাজনক। প্রথম পাঁচ ম্যাচে কোনো উইকেটই পাননি বুমরাহ, যা আইপিএলে এর আগে কখনও ঘটেনি। মাঝে এক ম্যাচে উইকেট পেলেও সেই ছন্দ আর ফিরে আসেনি।

বুমরাহকে দেখে মনে হচ্ছে ক্লান্ত ও ছন্দহীন। তার স্বাভাবিক নিয়ন্ত্রণ এবং চাপের মধ্যে নিখুঁত বোলিং করার ক্ষমতা যেন হারিয়ে গেছে। এমনকি চারটি ম্যাচে ওভারপ্রতি ১০-এর বেশি রান দিয়েছেন—যা তার জন্য বিরল।

সব মিলিয়ে, এবারের আইপিএলে বুমরাহ যেন নিজের ছায়া মাত্র। বুমরাহর বাজে সময়ের মাঝে অবশ্য গতকাল জয় পেয়েছে মুম্বাই। লখনৌর দেয়া ২২৯ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই তুলে ফেলে তারা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর