ভারতের নেতৃত্বে আসছে বড় রদবদল, অধিনায়ক হচ্ছেন যিনি
ভারতের সবশেষ ওয়ানডে সিরিজের দলে থাকলেও দীর্ঘ আড়াই বছর ধরে টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি শ্রেয়াস আইয়ারের। এমনকি ছিলেন না গত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও। তবে আইপিএলে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার ব্যাট হাতেও আছেন দারুণ ফর্মে। তাতেই কপাল খুলতে যাচ্ছে তার। ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নেতৃত্বে দেখা যেতে পারে এই ডানহাতি ব্যাটারকে।
বিসিসিআই সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আইয়ারকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করার বিষয়ে অত্যন্ত ইতিবাচক। চলমান আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে আইয়ারের সাহস, একনিষ্ঠতা এবং কৌশল বোর্ড কর্তাদের মুগ্ধ করেছে। বিশেষ করে ইনজুরি কাটিয়ে ফেরার পর তার ধারাবাহিকতা তাকে নেতৃত্বের দৌড়ে সবার আগে রেখেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সাম্প্রতিক ফর্মহীনতা এবং শুভমান গিলের জায়গায় আরও অভিজ্ঞ কারোর প্রয়োজনীয়তা আইয়ারের পথ প্রশস্ত করেছে। বিসিসিআই এমন একজন অধিনায়ক খুঁজছে যিনি ওয়ানডে এবং টি-টোয়েন্টি—উভয় ফরম্যাটেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন। বোর্ড মনে করছে, আইয়ার সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য উপযুক্ত।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের অবদানকে বোর্ড সম্মান জানালেও, তার সাম্প্রতিক ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, রোহিত শর্মার পর শুভমান গিলের কাঁধে ওয়ানডের দায়িত্ব দেয়া হলেও বোর্ড এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আইয়ারকে পরখ করে দেখতে চায়। ফলে আড়াই বছর টি-টোয়েন্টি না খেলেও সরাসরি নেতৃত্বে ফেরা হবে আইয়ারের ক্যারিয়ারের অন্যতম বড় বাঁক।
উল্লেখ্য, আগামী ৬ জুন আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ দিয়ে ভারতের আন্তর্জাতিক মৌসুম শুরু হবে। এরপর তাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ম্যান ইন ব্লূজরা। সেই সিরিজ শেষে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাবে তারা। ধারণা করা হচ্ছে, এই সফরগুলো শুরু হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে বিসিসিআই।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: