[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সমালোচনায় পিছু হটল এসএলসি, বদলাল এলপিএল গাইডলাইন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মে ২০২৬ ১১:০৫ এএম

সমালোচনার মুখে অবশেষে বিতর্কিত এক শর্ত প্রত্যাহার করে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরের খেলোয়াড় নিবন্ধন ও ড্রাফট গাইডলাইনে ‘আইকন’ ক্যাটাগরির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আড়াই লাখের বেশি ফলোয়ার থাকার যে বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছিল, তা সংশোধিত নীতিমালা থেকে বাদ দেওয়া হয়েছে।

এর আগে প্রকাশিত গাইডলাইনে বলা হয়েছিল, টপ টায়ার ‘আইকন’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে খেলোয়াড়দের অন্তত ৭৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ১০০টির বেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচ খেলার শর্তও ছিল। এছাড়া সর্বশেষ ১৮ মাসে অন্তত ৩০টি ম্যাচে অংশ নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছিল। এর সঙ্গে যোগ করা হয়েছিল আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যমের ফলোয়ার সংক্রান্ত শর্ত।

এই ফলোয়ার শর্ত নিয়েই মূলত তীব্র সমালোচনা শুরু হয় ক্রিকেট মহলে। সমালোচকদের মতে, এলপিএলের মতো প্রতিযোগিতায় খেলোয়াড়দের মূল্যায়ন হওয়া উচিত তাদের মাঠের পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার ওপর নয়। বিষয়টি নিয়ে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দেয়।

পরবর্তীতে ৯ মে প্রকাশিত সংশোধিত গাইডলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট ফলোয়ার থাকার শর্তটি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়। তবে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার মতো ক্রিকেটীয় যোগ্যতার শর্তগুলো আগের মতোই বহাল রাখা হয়েছে।

এর আগে এই নিয়ম ঘিরে আরও বিতর্ক তৈরি হয়, কারণ শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয় থাকতে এবং মাঠের খেলায় মনোযোগ দিতে বলা হলেও এলপিএলের নীতিমালায় উল্টোভাবে ডিজিটাল জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছিল বলে সমালোচকদের অভিযোগ ছিল।

সংশোধিত নীতিমালায় ফলোয়ার শর্ত বাদ দেওয়া হলেও টুর্নামেন্ট আয়োজনে প্রচারণা ও ফ্যান এনগেজমেন্টে গুরুত্ব অব্যাহত রাখা হয়েছে। এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা, বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়গুলোকে উৎসাহিত করা হচ্ছে বলে জানা গেছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর